Arrest TMC Councilor

একের পর এক কাউন্সিলর গ্রেফতার, দুর্নীতির বিরুদ্ধে কড়া অভিযানে পুলিশের জালে তৃণমূল নেতা মহেশ শর্মা

ধৃতের নাম মহেশকুমার শর্মা। তিনি কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা এবং জোর করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশকুমার শর্মা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১১:৩৪

ফের গ্রেফতার এক কাউন্সিলর। এ বার গ্রেফতার হলেন কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশকুমার শর্মা। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা এবং জোর করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। বুধবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত বছর বড়বাজার থানায় মহেশকুমার শর্মার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগে প্রতারণা এবং জবরদস্তি করে অর্থ আদায়ের কথা উল্লেখ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাতে কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানানো হবে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে নতুন প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করার পর থেকেই বিভিন্ন অভিযোগে একাধিক তৃণমূল নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

এর আগে কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংহকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। একই অভিযোগে ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরও বর্তমানে বিচারাধীন। পাশাপাশি ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লেকেও গ্রেফতার করেছিল পুলিশ। এ বার সেই তালিকায় যুক্ত হল মহেশকুমার শর্মার নাম।

অন্য দিকে, বৃহস্পতিবার তৃণমূলের অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদারকেও গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটি ফ্ল্যাট বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগ রয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও দায়ের হয়েছে। ঘটনাগুলিকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।


Share