Arrest

প্রতিবেশীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, পুলিশ হেফাজতের আবেদন খারিজ, মিলল জামিন

সেই বিবাদের জেরে প্রতিবেশীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বুধবার দাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৪:৫৭

হুগলিতে গ্রেফতার তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। প্রতিবেশীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে দাদপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পাশাপাশি তোলাবাজি, এলাকার মানুষকে ভয় দেখানো এবং জোর করে জমি দখলের মতো একাধিক অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার অভিযুক্তকে চুঁচুড়া আদালতে হাজির করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হলেও আদালত তাঁর জামিন মঞ্জুর করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডুপুরপুর গ্রামের এক বাসিন্দার সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল ওই পঞ্চায়েত সদস্যের। সেই বিবাদের জেরে প্রতিবেশীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বুধবার দাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ অভিযোগ করেন, “অভিযুক্ত এক জন তোলাবাজ। মানুষকে ভয় দেখিয়ে জমি দখল করেছে। তৃণমূলের সদস্য হওয়ায় ধনেখালির বিধায়ক অসীমা পাত্রের হাত মাথায় থাকায়, এলাকার মানুষের উপর নানা ভাবে অত্যাচার চালিয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করেছিল। আমরা চাইব আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”

অন্য দিকে পোলবা-দাদপুর ব্লক তৃণমূল সভাপতি সুভাষ ঘড়া বলেন, “একটা মারধরের পুরনো ঘটনায় পঞ্চায়েতের ওই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। শুনলাম তার পাঁচ দিনের হেফাজত চেয়েছিল পুলিশ। কিন্তু আদালত তাকে জামিন দিয়ে দিয়েছে।” তিনি আরও জানান, এখন বিভিন্ন পুরনো মামলায় গ্রেফতার করা হচ্ছে দলের কর্মীদের।


Share