Calcutta High Court

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে হাই কোর্টে তৃণমূল-ইডি টানাপোড়েন, কালীঘাট শিবিরের বৈধতা নিয়ে প্রশ্ন বিচারপতির, দলের সংবিধান পেশের নির্দেশ

এরপর ইডির আইনজীবী দলের সংবিধান আদালতে পেশ করার আর্জি জানান। তৃণমূলের পক্ষ থেকে সেই নথি জমা দেওয়ার জন্য কিছুটা সময় চাওয়া হয়েছিল। বেলা সাড়ে ১২টায় ফের এই মামলার শুনানি হয়।

কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট শিবিরের তৃণমূল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ০২:১৯

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট শিবিরের তৃণমূল। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে মামলার শুনানির শুরুতেই এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে ইডি। ইডির দাবি, কোন এক্তিয়ারে কালীঘাট শিবির এই মামলা দায়ের করেছে, তা স্পষ্ট নয়। কেন্দ্রীয় সংস্থার আইনজীবী এস ভি রাজু আদালতে প্রশ্ন তোলেন, এই মামলা করার জন্য দলের অনুমোদনপত্র কোথায় এবং কার অনুমতিতে আবেদন করা হয়েছে। পাশাপাশি, কালীঘাট শিবিরের কাছে তৃণমূল কংগ্রেসের দলীয় সংবিধানও দেখতে চায় ইডি। শুনানি শুরুর আগেই সংশ্লিষ্ট নথি আদালতে জমা দেওয়ার দাবি জানায় কেন্দ্রীয় সংস্থা।

কালীঘাট শিবিরের হয়ে এই মামলায় সওয়াল করছেন আইনজীবী কিশোর দত্ত। শুনানির সময় বিচারপতি রাও তাঁর কাছে দলের অনুমোদন সংক্রান্ত নথি সম্পর্কে জানতে চান। কোন অধিকারের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে, সে বিষয়েও তৃণমূলের কাছে প্রশ্ন তোলেন তিনি। এরপর ইডির আইনজীবী দলের সংবিধান আদালতে পেশ করার আর্জি জানান। তৃণমূলের পক্ষ থেকে সেই নথি জমা দেওয়ার জন্য কিছুটা সময় চাওয়া হয়েছিল। বেলা সাড়ে ১২টায় ফের এই মামলার শুনানি হয়।

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙন আরও স্পষ্ট হয়েছে। নির্বাচিত বহু বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব থেকে সরে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পৃথক শিবিরে যোগ দিয়েছেন। ওই শিবিরের দাবি, তারাই ‘আসল তৃণমূল কংগ্রেস’। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বও তারা অস্বীকার করেছে। দলের নির্বাচনী প্রতীক, সংগঠনের নিয়ন্ত্রণ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সমেত বিভিন্ন সম্পদের উপর নিজেদের অধিকার দাবি করেছে ঋতব্রত শিবির। এই আবহেই তৃণমূল কংগ্রেসের কয়েকশো কোটি টাকা থাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট শিবির।

এই মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে প্রাথমিক ভাবে কিছুটা স্বস্তি পেয়েছে মমতাপন্থী তৃণমূল। আদালত জানিয়েছে, ইচ্ছা হলে ফ্রিজ হওয়া তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থ প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যাবে, পাশাপাশি আইনি খরচও ওই অ্যাকাউন্ট থেকেই মেটানো যাবে। তবে আপাতত অ্যাকাউন্ট পরিচালনার পূর্ণ ক্ষমতা দলের হাতে থাকছে না। আদালত এই উদ্দেশ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশ্যাল অফিসার হিসেবে নিয়োগ করেছে। তাঁর তত্ত্বাবধানেই আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালিত হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির অনুমোদিত স্বাক্ষরকারীদের যে কোনও দু'জনের সই করা চেকে স্পেশ্যাল অফিসারের পাল্টা স্বাক্ষর থাকলেই ব্যাঙ্ক থেকে অর্থ তোলা যাবে। এই অন্তর্বর্তী নির্দেশের প্রেক্ষিতেই অ্যাকাউন্ট ফ্রিজের ঘটনায় ইডির পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল।


Share