Political Chaos

মুদিখানার দোকানে বচসা থেকে রণক্ষেত্র, গড়িয়ায় বিজেপি কর্মীকে কোপানোর অভিযোগ তৃণমূল সমর্থকের বিরুদ্ধে

অভিযোগ, কিছুক্ষণ পরে বুড়ো এলাকা ছেড়ে চলে গিয়ে আরও এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ফের ঘটনাস্থলে আসে। এরপর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা পিন্টুর ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

গড়িয়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল সমর্থকের বিরুদ্ধে
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০৭:৫৪

গড়িয়ায় ভরদুপুরে বিজেপি সমর্থকের উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে গড়িয়ার শ্রীরামপুর রোডের ভ্যালি পার্ক এলাকায়। অভিযোগ, তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত এক যুবক ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় বিজেপি সমর্থক পিন্টুর ওপর। ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার স্থানীয় একটি মুদিখানার দোকানে পিন্টু ও ‘বুড়ো’ নামে পরিচিত আর এক যুবকের মধ্যে বচসা শুরু হয়। বাকবিতন্ডা ক্রমে তীব্র আকার নেয়। অভিযোগ, কিছুক্ষণ পরে বুড়ো এলাকা ছেড়ে চলে গিয়ে আরও এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ফের ঘটনাস্থলে আসে। এরপর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা পিন্টুর ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

অভিযোগ, প্রথমে পিন্টুর বুকে ও পিঠে কোপ মারা হয়। প্রাণ বাঁচাতে তিনি পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া করা হয়। সেই সময় গলায় আঘাত করারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। আত্মরক্ষার জন্য হাত তুলতেই তাঁর হাতের একটি আঙুলের অংশ কেটে যায়।

রক্তাক্ত অবস্থায় কোনওক্রমে সাইকেল চালিয়ে কাছের একটি বাড়িতে আশ্রয় নেন পিন্টু। স্থানীয় মহিলারা তাঁর হাতে কাপড় বেঁধে রক্তপাত বন্ধ করার চেষ্টা করেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তরা ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গিয়েছে।


Share