Annapurna Yojna

‘লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অভ‍্যাস খারাপ হয়ে গিয়েছে,’ অন্নপূর্ণা-বিক্ষোভের মুখে মন্তব্য রাজ্যের মন্ত্রীর, রাজনৈতিক তরজা তুঙ্গে

গত এক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগামী ১৭ অগস্ট প্রক্রিয়া শেষ হবে। ২০ অগস্টের মধ্যে যোগ‍্য উপভোক্তাদের অ‍্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু ২০ অগস্ট পর্যন্ত টাকা না মেলায় বৃহস্পতিবার থেকে বিক্ষোভ শুরু হয়।

অন্নপূর্ণা-বিক্ষোভের মাঝে মন্তব‍্য দিলীপ ঘোষের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ আগস্ট ২০২৬ ০১:০৮

সবাইকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে অভ‍্যাস খারাপ করে দিয়েছে। সবাই এই টাকা পাবেন তা হয় না। তৃণমূল তাঁদের অভ‍্যাস খারাপ করে দিয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বৃহস্পতিবার থেকে রাজ‍্যের দিকে দিকে আন্দোলন চলছে। সেই প্রসঙ্গেই শনিবার এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ। 

শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্নপূর্ণা-বিক্ষোভ নিয়ে মন্তব্য করেন। তাঁর কথায়, তৃণমূল জমানায় মুড়ি-মুড়কির মতো লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। এতে অভ‍্যাস খারাপ হয়ে গিয়েছে। যাঁরা যোগ্য তাঁরাই পাবেন। বাকিরা পাবেন না।

মন্ত্রী দিলীপের বক্তব্য, সব সুবিধা সবাই পাবেন এমনটা নয়। দানধ‍্যাণ করে তৃণমূল (মহিলাদের) অভ‍্যাস খারাপ হয়েছে। কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প রয়েছে। রাজ‍্য সরকারেরও অনেক প্রকল্প রয়েছে। কারা পাবেন আর কারা পাবেন না তা ঠিক করার জন‍্য মাপকাঠি ঠিক করা আছে। সীমাও আছে। তাই এই প্রকল্পের টাকা সবাই পাবেন তা চলতে পারে না।

গত এক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগামী ১৭ অগস্ট প্রক্রিয়া শেষ হবে। ২০ অগস্টের মধ্যে যোগ‍্য উপভোক্তাদের অ‍্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু ২০ অগস্ট পর্যন্ত টাকা না মেলায় বৃহস্পতিবার থেকে বিক্ষোভ শুরু হয়। 

বৃহস্পতিবার আরামবাগে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামতেই কয়েক জন মহিলা বিক্ষোভ দেখায়। ওই দিনই কোচবিহারে রাজ‍্যের মন্ত্রী মালতী রাভা রায়ের বাড়িতে মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ দেখান। টাকা না পেয়ে মধ‍্যমগ্রাম পুরসভায় ভাঙচুরের ঘটনা ঘটে।

সেই বিক্ষোভ শুক্রবার আরও বাড়ে। উত্তর থেকে দক্ষিণে একাধিক জায়গায় মহিলারা বিক্ষোভ দেখান। হাবড়ায় রেল অবরোধ হয়। নদিয়ার করিমপুর-২ নম্বর ব্লকে কার্যালয়ে ভাঙচুর এবং কর্মীদের মারধরের অভিযোগ ওঠে।

মেদিনীপুরে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে ঢোকার আগেই একপ্রস্ত বিক্ষোভের মুখে পড়েন। তুমুল চেঁচামেচিতে বৈঠক ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন অগ্নিমিত্রা। মন্ত্রীর সাফাই ছিল, সরকার এসেছে মাত্র ১০০ দিন হয়েছে। নথি আপলোড করতে সময় লাগে। একটু সময় চেয়ে নেন তিনি।

গতকাল অগ্নিমিত্রা পাল আরও বলেন, দফতরে তৃণমূলের কর্মীরা বসে রয়েছেন। তৃণমূল চলে গেলেও তার এখনও পরিবর্তন হয়নি। তারাই অস্থিরতা তৈরি করতে যোগ‍্যদের নাম বাদ দিচ্ছে। অর্থাৎ যাঁরা বিক্ষোভ করছেন তাঁদের যোগ‍্য বলতে চেয়েছেন তিনি। কিন্তু দিলীপের কথায় তাঁরা অযোগ‍্য।

অন‍্য দিকে, ধূপগুড়ি, উত্তরপাড়া, চন্ডীতলা এবং কলকাতার ফুলবাগানে রাস্তা অবরোধ করে মহিলারা বিক্ষোভ দেখান। পুলিশকে সেই বিক্ষোভ সরাতে হিমশিম খেতে হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্প শুরু করতে তাড়াহুড়ো হয়েছে। এই পরিস্থিতিতে তবে দিলীপের এমন মন্তব্য দল বিড়ম্বনায় পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।


Share