Arrest TMC Leader

নির্মল-ঘনিষ্ঠ কাউন্সিলরের পর এ বার জালে তীর্থঙ্কর ঘোষ, তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন বিধায়কের পুত্র

রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে তাঁকে আটক করে খড়দহ থানার পুলিশ। চলতি বছরের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি।

গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, পানিহাটি
  • শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১২:৫২

পুলিশি অভিযানে এ বার গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে তাঁকে আটক করে খড়দহ থানার পুলিশ। চলতি বছরের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি।

তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং লটারির টিকিট জোর করে হাতিয়ে নেওয়ার মতো একাধিক অভিযোগে অভিযুক্ত পিতা-পুত্রের বিরুদ্ধে খড়দহ থানায় মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তে প্রাক্তন বিধায়ক ও তাঁর পুত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অভিযোগ দায়েরের পর বেশ কয়েক দিন তাঁদের প্রকাশ্যে দেখা যায়নি। তবে শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল গোষ্ঠীর বৈঠকে পানিহাটির ওই প্রাক্তন বিধায়ককে দেখা যাওয়ার পরই তাঁকে গ্রেফতারের দাবি জোরালো হতে শুরু করে। এ বিষয়ে সরব হন রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ এবং পানিহাটির বিধায়ক তথা আরজি কর-কাণ্ডে নির্যাতিতার মাও।

এরই মধ্যে রবিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষকে। যদিও ঠিক কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সম্প্রতি তোলাবাজি, বেআইনি প্রভাব খাটানো-সহ একাধিক অভিযোগে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তাঁর পুত্রের নাম উঠে এসেছে। এ ছাড়াও, প্রায় দু’বছর আগে এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লটারির টিকিট ছিনিয়ে নেওয়ার অভিযোগেও পিতা-পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।

উল্লেখ্য, রবিবারই তোলাবাজি এবং বেআইনি জমি দখলের অভিযোগে খড়দহ থানার পুলিশ গ্রেফতার করে নির্মল-ঘনিষ্ঠ পাটিহাটি পুরসভার কাউন্সিলর হিমাংশু দেবকে। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গ্রেফতার হলেন নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্করও।

নির্মল খাতায়কলমে এখনও কালীঘাট তৃণমূল শিবিরের সদস্য হিসেবেই রয়েছেন। যদিও গত শনিবার ঋতব্রত-তৃণমূলের বৈঠকের ভেন্যুতে তাঁকে দেখা গিয়েছিল। তবে পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, নির্মলকে তাঁদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি, তিনি নিজ উদ্যোগেই সেখানে গিয়েছিলেন। ঋতব্রতের দাবি, নির্মল তাঁদের বৈঠকেও অংশ নেননি। তাঁকে ঋতব্রত-তৃণমূল শিবিরে নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।

নির্মল-পুত্রের গ্রেফতারির পর পানিহাটির বিধায়ক বলেন, “নির্মল ঘোষের ছেলে গ্রেফতার হয়েছে। নির্মল ঘোষ এখনও গ্রেফতার হয়নি। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এ বার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই।”নির্মল-পুত্রের গ্রেফতারির পর পানিহাটির বিধায়ক বলেন, “নির্মল ঘোষের ছেলে গ্রেফতার হয়েছে। নির্মল ঘোষ এখনও গ্রেফতার হয়নি। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এ বার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই।”


Share