Assembly

কলকাতা-হাওড়ায় বাড়ছে ওয়ার্ড সংখ্যা, পুরভোটের আগে বিশেষ অধিবেশনে দু’টি সংশোধনী বিল আনছে রাজ্য, যোগ দেবেন মুখ্যমন্ত্রী

সেই অনুযায়ী কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত দু’টি পৃথক সংশোধনী বিল বিধানসভায় পেশ করা হবে। বিল দু’টি নিয়ে আলোচনায় শাসক ও বিরোধী দলের বিধায়কেরা অংশ নেবেন। সংশোধনী বিল নিয়ে মুখ্যমন্ত্রী নিজের মতামতও জানাবেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ আগস্ট ২০২৬ ১১:২৪

কলকাতা ও হাওড়া পুরসভায় বাড়তে চলেছে ওয়ার্ডের সংখ্যা। সেই লক্ষ্যে রাজ্য সরকার বুধবার বিধানসভার এক দিনের বিশেষ অধিবেশনে দু’টি পৃথক সংশোধনী বিল আনতে চলেছে। বিল দু’টি পাশ হলে ওয়ার্ড পুনর্বিন্যাসের মাধ্যমে পরবর্তী পুরনির্বাচনের প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়ার পথ সুগম হবে বলে প্রশাসনের দাবি।

বুধবারের বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দিতে বিধানসভায় আসবেন। রাজ্য সরকার কলকাতা ও হাওড়ায় পুরভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। সেই অনুযায়ী কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত দু’টি পৃথক সংশোধনী বিল বিধানসভায় পেশ করা হবে। বিল দু’টি নিয়ে আলোচনায় শাসক ও বিরোধী দলের বিধায়কেরা অংশ নেবেন। সংশোধনী বিল নিয়ে মুখ্যমন্ত্রী নিজের মতামতও জানাবেন।

কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজনৈতিক চাপানউতর আরও বাড়তে পারে। পুর ও নগরোন্নয়ন দফতরের প্রস্তাবিত খসড়া অনুযায়ী, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ এবং হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষ অধিবেশনে সংশোধনী বিল পাসের পাশাপাশি ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়াও এগিয়ে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন দফতর দুই পুরসভার প্রস্তাবিত ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা নিয়ে কারও কোনও আপত্তি, পরামর্শ বা সংশোধনের প্রস্তাব থাকলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা কলকাতা পুরসভার কমিশনারের কাছে জানাতে হবে।


Share