Middle East Conflict

মধ‍্যপ্রাচ‍্যে যুদ্ধ শুরুর পরে এই প্রথম তেলবাহী জাহাজ এল ভারতে, সৌদি আরব থেকে তেল নিয়ে পৌঁছোল মুম্বইয়ে

জাহাজটির নাম ‘শেনলং সুয়েজম‍্যাক্স’। ‘ট‍্যাঙ্কারট্রাকার’-এর তথ‍্য অনুযায়ী, জাহাজটি গত ৩ মার্চ সৌদি আরবের রাস তনুরা বন্দর থেকে জাহাজটি বেরিয়েছিল। তার পরে ৮ মার্চ হরমুজ প্রণালীতে ছিল। তার পরেই জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সৌদি আরব থেকে মুম্বইয়ে এল তেল বহনকারী জাহাজ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৪:০৯

মধ‍্যপ্রাচ‍্যে যুদ্ধ শুরুর পরে এই প্রথম তেলবাহী জাহাজ ভারতে এল। আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে আটকে পড়েছিল জাহাজটি। জাহাজটিতে ১ লক্ষ ৩৫ হাজার মেট্রিক টনের বেশি অপরিশোধিত তেল রয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি গত ৮ মার্চ হরমুজ প্রণালীতে আটকে পড়েছিল। তার পরে ওমান উপসাগর এবং আরব সাগর হয়ে বুধবার জাহাজটি মুম্বই বন্দরে এসে পৌঁছোয়।

জাহাজটির নাম ‘শেনলং সুয়েজম‍্যাক্স’। ‘ট‍্যাঙ্কারট্রাকার’-এর তথ‍্য অনুযায়ী, জাহাজটি গত ৩ মার্চ সৌদি আরবের রাস তনুরা বন্দর থেকে জাহাজটি বেরিয়েছিল। তার পরে ৮ মার্চ হরমুজ প্রণালীতে ছিল। তার পরেই জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক কী কারণে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল তা স্পষ্ট নয়। বেশ কয়েক ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে জাহাজটি সঙ্গে গত ৯ মার্চ ফের যোগাযোগ করা সম্ভব হয় বলে জানা গিয়েছে।

বুধবার দুপুর ১টা নাগাদ জাহাজটি মুম্বই বন্দরে পৌঁছে যায়। সন্ধ্যা ৬টা জওহর দ্বীপে নাগাদ নোঙর করে। তারপরে জাহাজ থেকে তেল বের করার প্রক্রিয়া শুরু হয়। এই অপরিশোধিত তেল যাবে পূর্ব মুম্বইয়ের মহুল শোধনাগারে। কেন্দ্রীয় জাহাজ পরিবহণ মন্ত্রক এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি। তবে জানা গিয়েছে, জাহাজটি মালিকানার স্বত্ব রয়েছে গ্রিসের এথেন্সের একটি সংস্থা ‘ডায়নাকম ট‍্যাঙ্কার ম‍্যানেজমেন্ট লিমিটেড’-এর হাতে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জাহাজটিতে নাবিক-সব ২৯ জন ক্রু সদস্য ছিলেন। ভারতীয় ছাড়াও ফিলিপিন্সের নাগরিকও রয়েছেন। যুদ্ধ আবহে মুম্বইয়ে তেলবাহী জাহাজ আসায় আরও কয়েক দিনের জন্য তেলের জোগান সুনিশ্চিত হল বলেই মনে করা হচ্ছে। তবে এখনও হরমুজ প্রণালীতে হামলার আশঙ্কা কমেনি। সেখানে ভারতের ২৮টি জাহাজ আটকে রয়েছে। সেগুলি ভারতে চলে এলে আরও সংকট কমে যাবে বলেই মনে করা হচ্ছে।


Share