Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী! শপথবাক‍্য পাঠ করালেন রাজ্যপাল, ব্রিগেডে মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরও পাঁচ জন

গত ৪ মে বিধানসভায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করেছে। খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী পরাজিত করেছিলেন।

শপথবাক্য পাঠ করছেন শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০১:২৭

ব্রিগেড প‍্যারেড গ্রাউন্ড থেকে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ‍্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করালেন। একই সঙ্গে আরও পাঁচজন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রীসভায় যোগ দিতে চলেছেন। তাঁদেরকেও শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি।

শনিবার নির্ধারিত সময়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে যান। সেখানে তার আগে থেকেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এ ছাড়াও, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা সভা পরিচালনা করেন। রাজ‍্যপাল সংবিধানের ধারা মেনে শুভেন্দু অধিকারীকে শপথবাক‍্য পাঠ করান।

শুভেন্দুর মন্ত্রীসভায় মন্ত্রিসভায় পাঁচ জনের নাম ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে দু’জন এবং দক্ষিণবঙ্গ থেকে এক জনকে, রাঢ়বঙ্গ থেকে এক জনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে যেমন আদিবাসী মুখ রয়েছেন, তেমন মতুয়া, রাজবংশী এলাকার বিধায়কও আছেন। শুভেন্দুর পাঁচ মন্ত্রী হলেন— দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শনিবার শুভেন্দুর পর শপথ নেন দিলীপ ঘোষ। তার পর অগ্নিমিত্রা পাল, মতুয়া বিধায়ক অশোক কীর্তনিয়া, আদিবাসী বিধায়ক ক্ষুদিরাম টুডু এবং শেষে রাজবংশী অধ্যুষিত এলাকা থেকে নির্বাচিত নিশীথ প্রামাণিক।

ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। খড়্গপুর সদর থেকে জয়ী হয়েছেন দিলীপ ঘোষ। অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ থেকে জয়ী হয়েছেন। বনগাঁ উত্তর থেকে জয়ী হয়েছেন অশোক কীর্তনিয়া, বাঁকুড়ার রানিবাঁধ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ক্ষুদিরাম টুডু এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী হয়েছেন নিশীথ প্রামাণিক। শুভেন্দুর মন্ত্রিসভায় রয়েছেন এই পাঁচ জন। তবে কে কোন দফতর পাবেন, তা ঘোষণা হয়নি। পরে দফতর বন্টন করা হতে পারে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

গত ৪ মে বিধানসভায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করেছে। খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী পরাজিত করেছিলেন। কিন্তু সেবারের নির্বাচনে তাঁরা সরকার গঠন করতে পারেনি। বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু। এ বারের নির্বাচনে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন। আবার প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন সময়ে বার বার বলেছেন, কোনও বাঙালি এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করা নেতাকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে। তাই শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তা কার্যত নিশ্চিত ছিলই। জল্পনাকে সত্যি করেই শনিবার সকালে শুভেন্দু অধিকারীর রাজ‍্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

শুক্রবার পরিষদীয় দলের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকলের প্রস্তাবে তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। বিধায়কদলের বৈঠকের পর শাহ বলেন, “পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি।”


Share