Abhishek Banarjee

বিদেশে চিকিৎসার অনুমতি মিলল না এখনও! অভিষেকের আর্জি ফের হাই কোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট

তবে অভিষেকের সেই আর্জি শীর্ষ আদালত ফের হাই কোর্টে ফেরত পাঠিয়ে দিল। মামলাটি যাতে শুনানির জন্য বিবেচনা করা হয়, হাই কোর্টকে সেই অনুরোধ জানানো হয়েছে।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ আগস্ট ২০২৬ ০২:১৯

চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে হাই কোর্টে মামলা করেছিলেন তিনি। সেখানে ওই মামলার শুনানি মনের মতো না হওয়ার দরুণ অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। তবে অভিষেকের সেই আর্জি শীর্ষ আদালত ফের হাই কোর্টে ফেরত পাঠিয়ে দিল। মামলাটি যাতে শুনানির জন্য বিবেচনা করা হয়, হাই কোর্টকে সেই অনুরোধ জানানো হয়েছে।

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের সমস্যার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়েছিলেন। এ নিয়ে অভিষেকের আর্জি সোমবার শীর্ষ আদালতে ওঠে। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি ফের কলকাতা হাই কোর্টেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা সংক্রান্ত মামলাটি বর্তমানে কলকাতা হাই কোর্টে বিচারাধীন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি চলছে। গত ২০ জুলাইয়ের শুনানিতে বিচারপতি জানতে চান, চিকিৎসার জন্য অভিষেক কি কলকাতার কোনও চক্ষু হাসপাতালে পরামর্শ নিয়েছিলেন? জবাবে সাংসদের আইনজীবী জানান, তাঁর মক্কেলের দীর্ঘদিন ধরেই আমেরিকায় চিকিৎসা চলছে।

অভিষেকের বিদেশযাত্রার আবেদন নিয়ে রাজ্যের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। রাজ্যের আইনজীবীর দাবি, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হলে চলমান তদন্তে বিঘ্ন ঘটতে পারে। দু’পক্ষের বক্তব্য শোনার পর হাই কোর্ট নির্দেশ দেয়, প্রথমে অভিষেককে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে চিকিৎসা-পরীক্ষা করাতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসক যদি মত দেন যে, এই রোগের চিকিৎসা কলকাতায় সম্ভব নয় এবং বিদেশে চিকিৎসাই একমাত্র বিকল্প, তবে সেই চিকিৎসা-সংক্রান্ত মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে।

সেই দিনের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে জানান, আদালত বর্তমান পরিস্থিতির ভিত্তিতেই আবেদনটি বিবেচনা করবে। যদি প্রমাণিত হয় যে কলকাতায় ওই চিকিৎসা সম্ভব নয় এবং বিদেশে চিকিৎসাই একমাত্র বিকল্প, তাহলে বিদেশে যাওয়ার অনুমতির আবেদন আদালত বিবেচনা করতে পারে।

এই পরিস্থিতিতে গত মঙ্গলবার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁর দাবি, ডিজে-সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এমনকি কণ্ঠস্বরের নমুনাও জমা দিয়েছেন। তা সত্ত্বেও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন এখনও হাই কোর্টে নিষ্পত্তি হয়নি বলে তাঁর বক্তব্য।


Share