Supreme Court

‘মানুষ প্রত‍্যাখ‍্যান করেছে, আদালত প্রচারের মাধ‍্যম নয়’ বিহার নির্বাচন বাতিল করতে প্রশান্ত কিশোরের আবেদন শুনল না সুপ্রিম কোর্ট

জন সুরাজ পার্টির অভিযোগ, বিহারে আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরে পরিবার পিছু ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর ফলে নির্বাচনের স্বচ্ছতার সঙ্গে আপস করা হয়েছে। তাই এই নির্বাচনকে অবিলম্বে বাতিল করা হোক।

জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০২

মানুষ প্রত‍্যাখ‍্যন করেছে। এ বার তাই সুপ্রিম কোর্টে এসে প্রচার পেতে চাইছেন। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি বিহারের বিধানসভা নির্বাচন বাতিলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল। কিন্তু আদালত সেই মামলা শোনেনি। বরং ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। বিহার নির্বাচনে জন সুরাজ পার্টির ফলাফলও স্মরণ করিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত।

বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা। সেই নির্বাচনে অনিয়ম হয়েছে বলে দাবি জানিয়ে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তাঁদের দাবি, এই নির্বাচনে ব‍্যপক অনিয়ম হয়েছে। অবিলম্বে এই নির্বাচন বাতিল করা হোক। এমনকী, নতুন করে নির্বাচনের দাবিও জানানো হয়। কিন্তু শুক্রবার তাঁদের দায়ের করা মামলা শুনতে রাজি হয়নি প্রধান বিচারপতির সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল‍্য বাগচীর বেঞ্চ।

এ দিন প্রধান বিচারপতি সূর্য কান্ত জন সুরাজ পার্টির আইনজীবীকে বলেন, “আপনারা কটা ভোট পেয়েছে? বিহারের মানুষ আপনাদের প্রত‍্যখ‍্যান করেছে। এখন আদালত এসেছেন প্রচার পেতে?” নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলতেই বিচারপতি জয়মাল‍্য বাগচী বলেন, “আপনারা ক্ষমতায় এলে একই কাজ করবেন।” তার পরেই ভোট বাতিলের আর্জি না-শুনে শীর্ষ আদালত পিকে-র দলকে বিহার হাই কোর্টে এই সংক্রান্ত আবেদন করতে বলে। প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, “আপনারা কেন হাই কোর্টে গেলেন না? রাজ্যে একটা হাই কোর্ট আছে। সেখানেই যান।”

জন সুরাজ পার্টির অভিযোগ, বিহারে আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরে পরিবার পিছু ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর ফলে নির্বাচনের স্বচ্ছতার সঙ্গে আপস করা হয়েছে। তাই এই নির্বাচনকে অবিলম্বে বাতিল করা হোক। এর সঙ্গে নতুন করে নির্বাচন করানোর জন‍্য আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিক। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মানুষ জন সুরাজ পার্টিকে সমর্থন করেনি। তাই প্রচার পেতেই আদালতের দ্বারস্থ হয়েছে তাঁরা। শুক্রবার তাঁদের মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, বিহার বিধানসভার ২৩৮টি আসনেরই প্রার্থী দিয়েছিল প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টি। প্রশান্ত নিজে ভোটে লড়েননি। একটি আসনের জয়লাভ করতে ব‍্যর্থ হয়েছে। নির্বাচনের ফলাফলের নিরিখে ৩.৪৪ শতাংশ ভোট পেয়েছে। প্রতিটি আসনেই জামানত জব্দ হয়েছে।


Share