Supreme Court

বিদ্রোহী তৃণমূল বিধায়কদের পদ খারিজের মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের! শোভনদেবকে হাই কোর্টে যাওয়ার পরামর্শ, দ্রুত নিষ্পত্তির নির্দেশ শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মামলা নিয়ে তাঁকে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে হবে। পাশাপাশি, হাই কোর্টকে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত শুনানি করে নিষ্পত্তির নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ ০৪:২৬

বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বিধায়কপদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মামলা নিয়ে তাঁকে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে হবে। পাশাপাশি, হাই কোর্টকে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত শুনানি করে নিষ্পত্তির নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শিউলি সাহা, অরূপ রায়, আখরুজ্জামান এবং সন্দীপনদের বিধায়কপদ খারিজের দাবিতে মামলা করেছিলেন বালিগঞ্জের প্রবীণ বিধায়ক শোভনদেব। হাই কোর্টে আশানুরূপ নির্দেশ না পেয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। উল্লেখ্য, ভোটের পর কালীঘাটের তরফে শোভনদেবকেই বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে পরিষদীয় দলে ভাঙন ধরিয়ে বিদ্রোহী শিবিরের নেতৃত্বে উঠে আসেন ঋতব্রত। শেষ পর্যন্ত তাঁকেই বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন বিধানসভার অধ্যক্ষ।

এর আগে গত সেপ্টেম্বরেও বিদ্রোহী বিধায়কদের বিধায়কপদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাটপন্থী তৃণমূল শিবির। গত ২৮ সেপ্টেম্বর সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছিল, কোনও বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে পদ খারিজের আবেদন স্পিকারের কাছে জমা পড়লে আইন অনুযায়ী তিন মাসের মধ্যে তার নিষ্পত্তি করা প্রয়োজন। সেই সময়সীমার মধ্যেই স্পিকার সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করেছিলেন বিচারপতিরা।

মমতা তৃণমূলের তরফে গত ৮ জুলাই স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদ খারিজের আবেদন জমা দেওয়া হয়েছিল। সেই হিসাবে ৮ অক্টোবর তিন মাসের সময়সীমা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত স্পিকারের তরফে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। স্পিকারের এই বিলম্ব ও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেই সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব। বৃহস্পতিবার সেই মামলাতেই তাঁকে হাই কোর্টে যাওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। একই সঙ্গে দ্রুত শুনানি ও নিষ্পত্তির বিষয়টিও নিশ্চিত করতে বলেছে আদালত।


Share