TMC Political Crisis

ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টেও স্বস্তি পেল না কালীঘাটপন্থী তৃণমূল, মামলায় হস্তক্ষেপ করতে নারাজ শীর্ষ আদালত

হেলিকপ্টার এবং বিমান কেনার মামলায় ইডি ইসিআইআর দায়ের করে তদন্তে নামে। তৃণমূলের অ‍্যাকাউন্টের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। ফ্রিজ করে দেওয়া হয় অ‍্যাকাউন্ট। সেই মামলাতেও হাই কোর্ট হস্তক্ষেপ করেনি। এ বার তা নিয়ে শীর্ষ আদালতও হস্তক্ষেপ করল না।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ আগস্ট ২০২৬ ০২:২০

তৃণমূলের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টেও স্বস্তি পেল না তৃণমূল। কালীঘাটপন্থী তৃণমূলের গোষ্ঠী কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ, যে হেতু এই মামলার হাই কোর্ট একটি নির্দেশ দিয়েছে তাই এখনই এই মামলায় হস্তক্ষেপ করা যাবে না। আগামী মঙ্গলবার এই মামলায় ইডি এবং তৃণমূল দু’পক্ষকে জবাব দিতে বলেছে। 

সোমবার শীর্ষ আদালতের বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। কালীঘাটপন্থী তৃণমূলের তরফে কপিল সিব্বল আদালতকে জানান, তৃণমূলের সমস্ত ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ইডি। এতে দৈনন্দিন খরচ চালানো মুশকিল হয়ে পড়েছে। মেনকা গুরুস্বামীর দাবি, তৃণমূলের হয়ে ২১৫ জন কর্মী রয়েছে। তাঁদের বেতন দিতে অসুবিধা হচ্ছে। তাই এই বিষয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ করুক।

কালীঘাটপন্থী তৃণমূলের এ-ও দাবি, ১৬০ কোটি টাকার কথা ইডি বলেছে। তাই ৪৪০ কোটি টাকা একেবারে ফ্রিজ করে দেওয়ার কোনও ওমানে হয় না। তৃণমূলের দাবির বিরোধিতা করে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, তৃণমূলের কাছে এখনও ১৬৪ কোটি টাকা রয়েছে। ইডির আইনজীবীর দাবি, এখনও ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট থেকে লেনদেন হচ্ছে। তার দিকে ইডি নজর রেখেছে। এর পরেই বিচারপতি এই ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টগুলি থেকে লেনদেন করা যায় কি না অথাবা হাই কোর্ট নিযুক্ত বিশেষ আধিকারিকের মাধ্যমে টাকা খরচ করা যায় কি না তা নিয়ে ইডি এবং তৃণমূল— দু’পক্ষকেই আগামী মঙ্গলবার হলফনামা দিয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই মামলা কলকাতা হাই কোর্টে বিচারাধীন রয়েছে। কলকাতা হাই কোর্ট একটি অন্তর্বর্তী নির্দেশিকা জারি করেছে। নির্দেশ, কলকাতা হাই কোর্ট যদি এই মামলায় রায় দেয় সেক্ষেত্রে শুনানি হতে পারে। তাই মূল মামলায় এখনই হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত।

তৃণমূলের তিনটি ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ব‍্যবহার করার নির্দেশ দিয়েছিল আদালত। বিধাননগরের পুলিশ তা ফ্রিজ করেছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ এর জন‍্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করেছিল। এই আধিকারিক আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাজ করবে। অ‍্যাকাউন্টের চেকে অনুমোদন যাঁর কাছে রয়েছে তিনি সাক্ষর করবেন। পরে হাই কোর্ট নিযুক্ত স্পেশাল অফিসার অনুমোদন দিলে তা থেকে টাকার লেনদেন করতে পারবে। তবে তা দৈনিক খরচের জন‍্য এবং আইনি খরচের জন‍্য। 

এরই মধ্যে হেলিকপ্টার এবং বিমান কেনার মামলায় ইডি ইসিআইআর দায়ের করে তদন্তে নামে। তৃণমূলের অ‍্যাকাউন্টের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। ফ্রিজ করে দেওয়া হয় অ‍্যাকাউন্ট। সেই মামলাতেও হাই কোর্ট হস্তক্ষেপ করেনি। এ বার তা নিয়ে শীর্ষ আদালতও হস্তক্ষেপ করল না।


Share