Special Intensive Revision

রাত পোহালেই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, কখন প্রকাশিত হবে, কীভাবে নাম দেখবেন? দেখে নিন খুঁটিনাটি

আগামীকাল ওয়েবসাইটে বিপুল পরিমান মানুষ ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। তবে সেক্ষেত্রে কোনও অসুবিধা হবে না বলেই জানিয়েছে কমিশন। বেশ কয়েকটি ডেটা সেন্টার রয়েছে। সার্ভারের স্বাস্থ্য প্রতিনিয়ত পরীক্ষা করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫২

রাজ‍্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আগামীকাল। কমিশন সূত্রের খবর, দুপুরের দিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। তবে তার আগেও বার করার চেষ্টা কমিশনের আধিকারিকেরা করছেন। ভোটার তালিকা ইতিমধ্যেই ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সরকারি ছাপাখানায় ছাপানোর কাজ শুরু হয়েছে। সারারাত সেই কাজ চলবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, গোটা তালিকা সাদাকালো ফর্মাটে পাওয়া যাবে। বিধানসভাভিত্তিক নাম কীভাবে প্রকাশ করা হবে তা-ও জানিয়েছে কমিশন। যাঁর নাম বাদ যাবে সেই নামের ওপরে ‘ডিলিটেড’ বলে লেখা থাকবে। যাঁদের তথ‍্য এখনও নিস্পত্তি হয়নি তা তাঁদের পাশে ‘এডজুডিকেশন’ বা বিচারাধীন বলে লেখা থাকবে। ফর্ম-৬ জমা দিয়ে কত জন তালিকাভুক্ত হয়েছেন সেই সংখ্যাটাও দেওয়া থাকবে। অন‍্যদিকে, ফর্ম-৭ জমা দিয়ে যাঁদের নাম বাদ গিয়েছে সেই সংখ্যাটাও দেওয়া থাকবে।

ভোটারেরা খুব সহজেই নিজের নাম আছে কি না দেখতে পারবেন। প্রথমে গুগুলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে যাবেন। সেখানে নিজের এপিক নম্বর দেবেন। সার্চ বটনে ক্লিক করলেই তা দেখতে পাবেন। এ ছাড়াও, ইসিআইনেট অ‍্যাপ ফোনে প্লে স্টোর বা অ‍্যাপেল স্টোর থেকে ডাউনলোড করবেন। সেখানে গিয়ে শুধুমাত্র এপিক নম্বর দিলেই নিজের নাম আছে কি না তা দেখতে পারবেন। তবে অনলাইনে আগে প্রকাশিত হবে। তবে এসএমএসের মাধ্যমে জানার সুবিধা আপাতত পাওয়া যাচ্ছে না।

রাত পোহালেই রাজ‍্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রের খবর, তালিকা প্রকাশ হওয়ার পরে, ৮টি রাজনৈতিক দলকেই একটি করে পেনড্রাইভ দেওয়া হবে। তাতে ভোটার তালিকার সফট কপি থাকবে। নিজেদের সময় মতো তাঁদের প্রতিনিধিরা এসে সেখানে থেকে নিয়ে যাবেন। এ ছাড়াও, জেলা নির্বাচনী আধিকারিকের দফতর থেকে দুটি করে হার্ড কপি প্রতিটি রাজনৈতিক দলকে দলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে। কমিশনের নিয়ম অনুযায়ী, বুথের বাইরে ভোটার তালিকা টাঙানো হয় না। তবে ব্লক উন্নয়ন আধিকারিক এবং মহকুমা শাসকের দফতরে ভোটার তালিকা থাকবে।

সারারাত ভোটার তালিকা ছাপানোর কাজ চলবে। শুক্রবার সকাল থেকে সেই কাজ শুরু হয়েছে। শেষ হলেই সরকারি রীতি মেনে তা অনলাইনে আপলোড করা হবে। তবে সকালের দিকে তালিকা প্রকাশ করা হবে না। প্রকাশ করতে করতে দুপুর হয়ে যেতে পারে বলে জানা গিয়েছে। কোন কেন্দ্রে কত নাম বাদ পড়বে তা জানা যাবে আগামীকালই।

তবে ৬০ লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ চলবে। তা করছেন হাই কোর্টের নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা। এই ৬০ লক্ষ‍ মধ‍্যে কত জন বাদ পড়বেন বা যুক্ত হবেন, তা পরবর্তী তালিকায় জানা যাবে। তবে যাঁদের নাম বাদ যাবে, তাঁরা মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত ফর্ম-৬ পূরণ করতে পারবেন বলে জানিয়েছেন রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।

এ ছাড়াও, আগামীকাল ওয়েবসাইটে বিপুল পরিমান মানুষ ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। তবে সেক্ষেত্রে কোনও অসুবিধা হবে না বলেই জানিয়েছে কমিশন। বেশ কয়েকটি ডেটা সেন্টার রয়েছে। সার্ভারের স্বাস্থ্য প্রতিনিয়ত পরীক্ষা করা হচ্ছে বলেও জানা গিয়েছে।


Share