Karnataka Politics

কর্ণাটকে কি বদলাচ্ছে ক্ষমতার সমীকরণ? মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে পারেন সিদ্দারামাইয়া, জল্পনায় ডিকে শিবকুমার

সূত্রের খবর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন সিদ্দারামাইয়া।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া
নিজস্ব সংবাদদাতা, কর্ণাটক
  • শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৮:১০

কর্ণাটকের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন সিদ্দারামাইয়া। ইতিমধ্যেই তিনি নিজের বাসভবনে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি প্রাতরাশ বৈঠক ডেকেছেন। রাজনৈতিক মহলের ধারণা, সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন।

গত কয়েকদিনে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সঙ্গে কংগ্রেস হাইকম্যান্ডের একাধিক বৈঠক ঘিরে জল্পনা আরও বেড়েছে। সূত্রের দাবি, ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ওবিসি ভোটব্যাঙ্ককে আরও শক্তিশালী করতে চাইছে কংগ্রেস। সেই কৌশলের অংশ হিসেবেই সিদ্দারামাইয়াকে জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তাঁকে রাজ্যসভায় পাঠানো বা দিল্লির রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জোর গুঞ্জন।

কংগ্রেসের অন্দরে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল, কর্ণাটকে সরকার গঠনের সময় সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে কোনও সমঝোতা হয়েছিল কি না। সিদ্দারামাইয়ার সম্ভাব্য পদত্যাগের পর স্বাভাবিকভাবেই ডিকে শিবকুমারের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে কংগ্রেস নেতৃত্ব এই পরিবর্তনকে অপসারণ হিসেবে নয়, বরং সিদ্দারামাইয়ার ‘জাতীয় স্তরে উত্তরণ’ হিসেবেই তুলে ধরতে চাইছে।

আগামী ৮ জুন রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন। তার আগেই কর্ণাটকে এই বড় রাজনৈতিক রদবদল চূড়ান্ত করতে পারে কংগ্রেস। পরিস্থিতি সামাল দিতে এবং দলীয় অন্তর্কলহ এড়াতে বৃহস্পতিবার বেঙ্গালুরু পৌঁছচ্ছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালাও। এখন নজর বৃহস্পতিবারের বৈঠক ও সাংবাদিক সম্মেলনের দিকে, সেখানেই স্পষ্ট হতে পারে কর্ণাটকের ক্ষমতার সমীকরণে সত্যিই বড় পরিবর্তন আসছে কি না।  


Share