Suvendu Adhikary

‘শুভেন্দু ছোটবেলা থেকেই পরিশ্রমী,’ ছেলে মুখ‍্যমন্ত্রী হওয়ায় আবেগে ভাসলেন মা গায়েত্রী দেবী

তিনি বলেন, শুভেন্দু ছোটবেলা থেকেই খুবই পরিশ্রম করেছে। অনেক লড়াই করেছে। আমিও যেমন গর্বিত তার চেয়ে বেশি রাজ‍্যবাসী গর্বিত।

রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১০:৩২

শনিবার সকালে ব্রিগেডে প্যারেড গ্রাউন্ড থেকে রাজ‍্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। তার পরেই কার্যত আবেগে ভাসলেন মা গায়েত্রী দেবী। তিনি বলেন, শুভেন্দু ছোটবেলা থেকেই খুবই পরিশ্রম করেছে। অনেক লড়াই করেছে। আমিও যেমন গর্বিত তার চেয়ে বেশি রাজ‍্যবাসী গর্বিত।

শনিবার কাঁথির বাড়ি থেকে মুখ‍্যমন্ত্রীর মা গায়েত্রী দেবী বলেন, “কলেজ জীবন থেকেই শুভেন্দু রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ও কলেজে এসএফআইয়ের বিরুদ্ধে লড়াই করে জিতে প্রথম জিএস হয়েছিলেন। এরপরে পুরসভার নির্বাচনে দাঁড়িয়ে জয়ী হয়ে চেয়ারম্যান হয়। তারপরে দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন।"

এ দিন গায়েত্রী দেবী জানান, শুভেন্দু ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী ছিল। শুভেন্দু মাধ্যমিক পর্যন্ত খুব একটা বাইরে বেরোতেন না। কিন্তু কলেজের দিনগুলিতে তিনি রোজ বিকেলে বালতি ও সাবল নিয়ে তার বাগানে কাজ করতে চলে যেত। সেই বাগানে তিনি কপি, বেগুন, টমেটো, লঙ্কা, লাউ, কুমড়ো এবং নানা রকমের ফুলের চাষ করত। মা হিসেবে তিনি তার ছেলের এই কাজের খুব প্রশংসা করেন। এমনকী, শুভেন্দু যে পদ্মফুল পছন্দ করেন তা-ও তিনি জানান। তাঁর বাগানে বড় বড় পদ্মফুল ফুটেছিল বলেও পুরনো স্মৃতিচারণ করতে গিয়ে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মা গায়েত্রী দেবী।

শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠদের বলে থাকেন, তিনি অত্যন্ত সরলভাবে থাকতেই বেশি পছন্দ করেন। তিনি ছোটবেলা থেকেই সাদামাটা জীবনযাপন করতে ভালোবাসেন। তা কার্যত নিশ্চিত করে দেন মুখ্যমন্ত্রীর মা গায়েত্রী দেবী। খাবারের বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, “শুভেন্দু খুব সাধারণ খাবার পছন্দ করেন। বিশেষ করে গরমকালে তিনি পান্তাভাত খেতে খুবই ভালোবাসেন। গরম ভাতে জল ঢেলে তার সাথে আলু ভাতে, মাছ ভাজা বা ডিমের অমলেট- এই সাধারণ খাবারই তার প্রিয়।”

শুভেন্দু অধিকারী ভবানীপুরে জিতেই বলেছিলেন, “আমাকে কোনও মুসলিমরা ভোট দেয়নি। আমাকে হিন্দুরা ভোট দিয়েছে। আমি তাঁদের ভোটেই জিতেছি।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে খুব একটা অসত‍্য বলেনি তা কার্যত ভোটের বাক্সে প্রমাণিত। অন‍্য দিকে, মুখ্যমন্ত্রীর মা গায়েত্রী দেবী বলেন, “শুভেন্দু ছোটবেলা থেকেই খুব ঈশ্বরভক্ত। স্বামী বিবেকানন্দের একজন বড় অনুরাগী। যেখানেই সরস্বতী পুজো হতো বা রামকৃষ্ণ মিশনে কোনও অনুষ্ঠান থাকত, সেখানেই ছুটে যেতেন।” এমনকী, তাঁদের বাড়িতে মহারাজদের যাতায়াতও ছিল বলে তিনি উল্লেখ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা।


Share