BJP Leader

দুর্গাপুজো নিয়ে গোষ্ঠীকোন্দল, থানার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ, বিজেপি নেতাকে সাময়িক বরখাস্ত করল দল

তার প্রতিবাদে এন্টালি থানা ঘেরাও করে বিজেপি নেতা সুদীপ রাম। থানার মূল গেটে তালা ঝুলিয়ে রাতভর বিক্ষোভ দেখান তিনি। গত ২৩ অগস্ট এন্টালি পার্কের গেটের তালা খুলে দেওয়া হয়।

বিজেপি নেতা সুদীপ রাম।
নিজস্ব সংবাদদাতা, এন্টালি
  • শেষ আপডেট: ২৯ আগস্ট ২০২৬ ১২:৩৬

দুর্গাপুজোর কমিটির দখল কার হাতে যাবে তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের শুরু হয়েছে। তার জেরে গত কয়েক দিন আগে এন্টালি থানার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা সুদীপ রাম। তাঁকে দল সাময়িক বরখাস্ত করেছে বলে জানা গিয়েছে। তার কাছ থেকে জবাব তলব করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব।

গত ১২ অগাস্ট এন্টালির পদ্মপুকুর পার্কে দুর্গাপুজোর খুঁটিপুজো হয়েছিল। সেখান থেকেই বিতর্ক শুরু হয়। ১৪ অগাস্ট  রাতে পার্কে ঢুকে খুঁটি উপড়ে দেয়। বিজেপির এক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তোলে দলেরই আরেক গোষ্ঠী। পার্কে তালা দেওয়া হয়। তার প্রতিবাদে এন্টালি থানা ঘেরাও করে বিজেপি নেতা সুদীপ রাম। থানার মূল গেটে তালা ঝুলিয়ে রাতভর বিক্ষোভ দেখান তিনি। গত ২৩ অগস্ট এন্টালি পার্কের গেটের তালা খুলে দেওয়া হয়।

ঘটনার পর থকে সুদীপ রামের বিরুদ্ধে কেন ব‍্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছে। বিজেপি সূত্রের খবর, দুর্গাপুজো কমিটির দখল এলাকাকে উত্তপ্ত করার ঘটনায় এ বার দল পদক্ষেপ করেছে। ঘটনার দু’সপ্তাহ পরে এন্টালির বিজেপি নেতা সুদীপ রামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সুদীপ রাম উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে হুমকি, ভয় দেখানো, জোর করে থানার গেট বন্ধ করার অভিযোগ রয়েছে। বিজেপি সুত্রের খবর, দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে শোকজ করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে দল। দলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে প্রতাপ বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে সুদীপ রামকে বিষয়টি জানিয়ে দিয়েছেন। উত্তর সন্তোষজনক না হওয়া পর্যন্ত তিনি সাময়িক ভাবে বরখাস্ত হয়ে থাকতে হবে তাঁকে।


Share