RSS Organisation

দুর্গা পুজোর আগে রাজ‍্যে আসতে পারেন আরএসএস প্রধান মোহনরাও ভাগবত, সাংগঠনিক পরিকাঠামোয় বদলের সম্ভাবনা

সংগঠন সূত্রের খবর, আগামী ৮ অক্টোবর তিনি বর্ধমানে আসবেন। সেখানে রাজ‍্যের সঙ্ঘের নেতাদের সঙ্গে একটি সমন্বয় বৈঠক তিনি করবেন বলেও বলে জানা গিয়েছে

আরএসএসের সরসঙ্ঘচালক মোহনরাও ভাগবত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৭

সব কিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই রাজ‍্যে আসতে পারেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহনরাও ভাগবত। সংগঠন সূত্রের খবর, আগামী ৮ অক্টোবর তিনি বর্ধমানে আসবেন। সেখানে রাজ‍্যের সঙ্ঘের নেতাদের সঙ্গে একটি সমন্বয় বৈঠক তিনি করবেন বলেও বলে জানা গিয়েছে। সে ক্ষেত্রে সংগঠনের পরিকাঠামোয় পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ সূত্রের খবর, সাংগঠনিক পরিকাঠামোয় বদল আসতে চলেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের তিন জন প্রান্ত প্রচারক রয়েছেন। সঙ্ঘের সংগঠনে ‘প্রান্ত’ অধ্যায় শেষ হতে চলেছে বলে জানা গিয়েছে। ‘প্রান্ত’-এর বদলে ‘সম্ভাগ’ আর ‘প্রদেশ’ নামে নতুন দুটি অধ্যায় শুরু হবে। রাজ্যে পাঁচটি করে জেলা নিয়ে একটি করে ‘সম্ভাগ’ তৈরি হবে। হিসেব মতো রাজ‍্যে মোট পাঁচটি ‘সম্ভাগ’ তৈরি হওয়ার কথা রয়েছে। সেগুলি হল— উত্তরবঙ্গ, বর্ধমান, নবদ্বীপ, মেদিনীপুর এবং কলকাতা। সারা দেশে প্রায় ১১০টি সম্ভাগ হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ‘প্রদেশ’ একটি থাকবে। ‘প্রদেশ’-এর অধীনেই সম্ভাগ থাকবে।

গত মার্চের পর আরএসএস-র রাজ্যে পাঁচ হাজারের বেশি শাখা মিলন মণ্ডলী রয়েছে। বিজয়া দশমীর আগে পর্যন্ত শাখার সংখ্যা ১০ হাজারে পৌঁছে যাওয়ার লক্ষ‍্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, আগামী ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ১০ দিবসীয় বিশেষ শাখাও অনুষ্ঠিত করবে।

গত কয়েক বছরে সঙ্ঘের স্বয়ংসেবকেরা বিভিন্ন আন্দোলন, সামাজিক কর্মসূচি করেছে। তবে বর্তমানে সংগঠনকে আরও মজবুত এবং শক্তিশালী করার লক্ষ্যে শাখা, বর্গ করার জন‍্য স্বয়ংসেবকদের বুথমুখী করতে চাইছে সঙ্ঘ। তা নিয়েই বর্ধমানে রাজ‍্যের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন সরসঙ্ঘচালক মোহনরাও ভাগবত।


Share