Saokat Molla

এনআইএ-র হাতে গ্রেফতারের পর নতুন বিপাকে শওকত মোল্লা, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ

লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, তাঁর পাঁচ বছরের সন্তানকে আটকে রেখে তাঁকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। অভিযোগে শওকত মোল্লা ছাড়াও তাঁর গাড়িচালক, গাড়িচালকের দাদা এবং আরও এক ব্যক্তির নাম রয়েছে।

শওকত মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, ভাঙড়
  • শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ০৬:১৫

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত ১৫ জুন জীবনতলা থানায় এক মহিলা লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় সম্প্রতি জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে গ্রেফতার হয়েছেন শওকত মোল্লা। তার মধ্যেই তাঁর বিরুদ্ধে এই নতুন অভিযোগ সামনে এল।

অভিযোগকারীর দাবি, ঘটনাগুলির সূত্রপাত ২০১৯ সালের মার্চ মাসে। লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, তাঁর পাঁচ বছরের সন্তানকে আটকে রেখে তাঁকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। অভিযোগে শওকত মোল্লা ছাড়াও তাঁর গাড়িচালক, গাড়িচালকের দাদা এবং আরও এক ব্যক্তির নাম রয়েছে।

মহিলার অভিযোগ, সন্তানকে উদ্ধার করার আশায় তিনি অভিযুক্তদের এক জনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর থেকেই তাঁর উপর চাপ ও নির্যাতন শুরু হয়। অভিযোগ অনুযায়ী, প্রথমে এক অভিযুক্ত তাঁকে নিজের ডেরায় নিয়ে গিয়ে ধর্ষণ ও মারধর করেন। পাশাপাশি তাঁকে হুমকি দেওয়া হয় যে, ডাকা হলে হাজির না হলে তিনি আর তাঁর সন্তানকে ফিরে পাবেন না।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, নির্যাতনের সময়ের ছবি ও ভিডিয়ো রেকর্ড করে রাখা হয়েছিল এবং সেগুলি প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা হতো। অভিযোগকারিণীর বক্তব্য, পরে তাঁকে শওকত মোল্লার ডেরায় পাঠানো হয়, যেখানে তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে তিনি অভিযোগ করেছেন। একই ধরনের অভিযোগ উঠেছে শওকতের গাড়িচালকের বিরুদ্ধেও।

মহিলা জানিয়েছেন, ভয় ও সামাজিক লজ্জার কারণে এত দিন তিনি বিষয়টি প্রকাশ্যে আনতে পারেননি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share