Governor Resigned

পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী রাজ‍্যপাল হিসেবে দায়িত্ব পেতে চলেছেন প্রাক্তন গোয়েন্দাকর্তা আরএন রবি, ভোটের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের

২০১৯ সালে রাষ্ট্রপতি তাঁকে নাগাল‍্যান্ডের রাজ‍্যপাল হিসেবে নিয়োগ করে। ২০২১ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলে ছিলেন। ওই বছেরেই ১৮ সেপ্টেম্বর পরে তাঁকে তামিলনাড়ুর রাজ‍্যপাল হিসেবে নিয়োগ করেন রাষ্ট্রপতি।

পশ্চিমবঙ্গের অন্তর্বর্তীকালীন রাজ্যপাল হচ্ছেন আরএন রবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১১:৩৪

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন আরএন রবি। তিনি বর্তমানে তামিলনাড়ুর রাজ‍্যপাল। রাজ‍্যপালের পদ থেকে সিভি আনন্দ বোস দিল্লিতে গিয়ে ইস্তফা দিয়েছেন। তাঁর জায়গায় প্রাক্তন গোয়েন্দাকর্তা আরএন রবিকে দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সিলমোহর দিয়েছেন। নির্বাচনের আগে এমন একজন প্রাক্তন আইপিএস অফিসারকে রাজ্যপাল হিসেবে নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরএন রবি বিহারের পটনার জন্মগ্রহণ করেছিলেন। তিনি পদার্থবিদ‍্যায় স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন। কয়েক বছর সাংবাদিকতার করেছেন। পরে ১৯৭৬ সালে ইউপিএসসি পাশ করে কেরল ক‍্যাডারে আইপিএস আধিকারিক হয়ে কাজে যোগ দেন। কেরল পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআইয়ের কাজ করেছেন সেখানে দুর্নীতি দমন শাখায় একাধিক সংঘটিত অপরাধ, খনি মাফিয়াদের বিরুদ্ধে মামলার তদন্ত করেছেন।

পরে তিনি ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-তে যোগ দেন। সেখানে থাকাকালীন জম্মু ও কাশ্মীরের অশান্তি, উত্তর-পূর্ব ভারত এবং মাওবাদী জঙ্গি অধ‍্যুষিত এলাকা নিয়েও কাজ করেছেন। ২০১২ সালে তিনি দীর্ঘ কর্ম জীবন কাটিয়ে অবসর গ্রহণ করেন। ২০১৪ সালে কেন্দ্রে পালাবদলের পরে যুগ্ম ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান হন। নাগাল্যান্ডে শান্তি প্রতিষ্ঠা করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এর পরে ২০২৮ সালে ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করে কেন্দ্রীয় সরকার।

২০১৯ সালে রাষ্ট্রপতি আরএন রবিকে নাগাল‍্যান্ডের রাজ‍্যপাল হিসেবে নিয়োগ করে। ২০২১ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলে ছিলেন। ওই বছেরেই ১৮ সেপ্টেম্বর পরে তাঁকে তামিলনাড়ুর রাজ‍্যপাল হিসেবে নিয়োগ করেন রাষ্ট্রপতি।

বিজেপি-বিরোধী স্ট্যালিনের সরকারের সঙ্গে গত কয়েক বছরে বার বার সংঘাতে জড়িয়েছেন রবি। গত বছর স্বাধীনতা দিবসে তামিলনাড়ুর রাজ্যপাল রবির চা-চক্রে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন। ২০২৩ সাল থেকে রাজভবনে সেই চা-চক্র বয়কট করে চলেছে স্ট্যালিনের সরকার। কয়েক বছর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাজ্যপালকে বরখাস্ত করার দাবি জানিয়েছিল তামিলনাড়ু সরকার। চলতি বছরের শুরুতে তামিলনাড়ু বিধানসভায় জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তোলেন রাজ্যপাল রবি। সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ না-করেই ছাড়েন অধিবেশন। সেই তামিলনাড়ুর রাজ্যপালকে এ রাজ্যের দায়িত্ব সামলাতে হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল সিভি আনন্দ বোস ইস্তফা দিয়েছেন। রজ‍্যপালের পদ থেকে অব‍্যাহতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছেন। লোকভাবন সূত্রের খবর, বর্তমানে রাজ‍্যপাল সিভি আনন্দ বোস দিল্লিতে রয়েছেন। সেখান থেকেই তিনি ইমেল মারফত স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়েছেন। কী কারণে তিনি ইস্তফা দিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

অনেকে মনে করছেন, বোসের এই ইস্তফা পূর্ব পরিকল্পিত নয়, বরং ‘আচমকা’। তিনি নিজেও নাকি ইস্তফার জন্য প্রস্তুত ছিলেন না। মাঝেমধ্যেই তিনি দিল্লি যেতেন। বৃহস্পতিবার সেই দিল্লিতে বসেই আচমকা পদত্যাগপত্র পাঠিয়ে দেন রাষ্ট্রপতি ভবনে। বৃহস্পতিবার রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) তাঁর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘আমরা দিল্লিতে আছি। রাজ্যপাল তাঁর ইস্তফাপত্র রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দিয়েছেন।’’ লোকভবন সূত্রে খবর, রাষ্ট্রপতি ভবন তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করেছে।


Share