Special Intensive Revision

এসআইআরের ট্রাইবুনালের আবেদনের ভোটারদের তথ‍্য খতিয়ে দেখতে পুলিশকর্তাদের নির্দেশ, ৩০ নভেম্বরের মধ্যে দিতে হবে রিপোর্ট, শীর্ষ আদালতে মামলা দায়ের

আগামী ৩০ নভেম্বর সেই রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। ২৯৪টি বিধানসভায় এই তথ‍্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট জমা দিতে কোনও বিলম্ব করা যাবে না বলেও জানানো হয়েছে। এই কাজকে সর্বাধিক গুরুত্ব দিয়ে করতে নির্দেশ দিয়েছে ভবানী ভবন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ০৬:৩৫

পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে এ বার রাজ্যের পুলিশকর্তাদের বিশেষ নির্দেশ দিল ভবানী ভবন। তালিকা থেকে বাদ যাওয়া নামের তথ‍্য সংগ্রহ করতে জেলা পুলিশের সুপারদের বলা হয়েছে। পাশাপাশি, ট্রাইবুনালে আবেদন করা ভোটারদের তথ‍্য সংগ্রহ করতে বলা হয়েছে। আগামী ৩০ নভেম্বর রিপোর্ট দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

জানা গিয়েছে, রাজ‍্য পুলিশের ডিজি (আইনশৃঙ্খলা) অজেয়মুকুন্দ রানাডে গত ২৩ নভেম্বর একটি নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকা অনুযায়ী, কাদের নাম ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, কারা নতুন নাম অন্তর্ভুক্ত হয়েছেন, কারা ট্রাইবুনালে নাম নথিভুক্তের আবেদন জানিয়েছেন— তাঁদের তথ‍্য সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একটি নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তথ‍্য ডাউনলোড করতেও বলা হয়েছে। 

পাশাপাশি একটি একটি ভিডিয়ো কনফারেন্সে যা যা নির্দেশ দেওয়া হয়েছে তা মেনে চলতে বলা হয়েছে। সেই নির্দেশের সঙ্গে পাওয়া তথ‍্য বিশ্লেষণ করতে বলা হয়েছে। আগামী ৩০ নভেম্বর সেই রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। ২৯৪টি বিধানসভায় এই তথ‍্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট জমা দিতে কোনও বিলম্ব করা যাবে না বলেও জানানো হয়েছে। এই কাজকে সর্বাধিক গুরুত্ব দিয়ে করতে নির্দেশ দিয়েছে ভবানী ভবন।

তবে বিভিন্ন বিধানসভায় বিজেপি বিধায়কেরা ভোটারদের পুলিশের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করে সমাজমাধ্যমে পোস্ট করছেন। নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় সমাজমাধ্যমে পোস্ট করেছেন, “ভোটার তালিকায় যাঁদের নাম ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে, তাঁদের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।” ওই পোস্টে সবাইকে থানায় জন্মশংসাপত্র, বিভিন্ন নথি এবং তার ফোটোকপিও নিয়ে যেতে বলা হয়েছে।

তবে কী ভাবে পুলিশ ট্রাইবুনালের কাজে হস্তক্ষেপ করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে। কোন এক্তিয়ারের ভিত্তিতে বিচারবিভাগীয় কাজে পুলিশ হস্তক্ষেপ করতে পারে তা নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। আবার এসআইআরের বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের। তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। 

গত কয়েক দিন ধরে বিভিন্ন জেলায় এ রাজ্যের পুলিশ ট্রাইবুনালে আবেদন করা বিবেচনাধীন ভোটারদের তথ্য সংগ্রহ করছে। কোন নিয়মে তারা এই তথ্য সংগ্রহ করছে তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের জল এ বার গড়াল শীর্ষ আদালত পর্যন্ত। শুক্রবার আইনজীবী গোপালশঙ্কর নারায়ণন এসআইআর মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে এই প্রসঙ্গের উল্লেখ করেন। তিনি গোটা বিষয়টি অত্যন্ত গুরুতর এবং বিচারবিভাগের কাজে হস্তক্ষেপ বলে অভিযোগ করেন।


Share