FIR Against Mahua Maitra

সমাজমাধ‍্যমে পুলিশকর্তা এবং আমলাকে নিয়ে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য, মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর, শনিবার হাজিরার নির্দেশ

তিনি আইপিএস অ‍্যাসোশিয়েশন এবং আইএএস অ্যাসোশিয়েশনকে ট‍্যাগ করেছেন। ‘অসুস্থ সাম্প্রদায়িক মানসিকতা’ বলে অভিযোগ করেছেন। কেন এই দুই সংগঠন প্রতিবাদ করবে না তা নিয়ে প্রশ্ন করেন মহুয়া।

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬

রাজ‍্যের পুলিশকর্তা এবং এক আমলাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আগামী শনিবার তাঁকে ডায়মন্ড হারবার সাইবার থানায় তলব করা হয়েছে। তিনি কীসের ভিত্তিতে এমন মন্তব্য করেছেন তা জানতে চায় পুলিশ।

গত ১ সেপ্টেম্বর মহুয়া মৈত্র সমাজমাধ‍্যমে রাজ‍্য পুলিশের দু’জন সিনিয়র আইপিএস অফিসার এবং এক আইএএস অফিসারের হয়ে বিতর্কিত মন্তব্য করেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উত্তরবঙ্গ সফরের দিন বাগডোগরা বিমানবন্দরে তাঁকে কারা স্বাগত জানাবেন, সেই তালিকা থেকে শিলিগুড়ির কমিশনার ওয়াকার রাজাকে বাদ দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে স্পেশাল টাস্ক ফোর্সের ডিজি জাভেদ শামিমকে আমন্ত্রণ জানানো হয়নি। আইএএস অফিসার খলিল আহমেদকে বৈঠক ছেড়ে চলে যেতে বলা হয়। মহুয়ার দাবি, এই তিন জনই সংখ‍্যালঘু পুলিশকর্তা এবং আমলা। তিনি আইপিএস অ‍্যাসোশিয়েশন এবং আইএএস অ্যাসোশিয়েশনকে ট‍্যাগ করেছেন। ‘অসুস্থ সাম্প্রদায়িক মানসিকতা’ বলে অভিযোগ করেছেন। কেন এই দুই সংগঠন প্রতিবাদ করবে না তা নিয়ে প্রশ্ন করেন মহুয়া।

পুলিশ সূত্রের খবর, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ভারতীয় ন‍্যায় সংহিতার ১৯৬, ১৯৭, ২৯৯ এবং ৩৫৩ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এমন পোস্ট করে তিন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন। দুই গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছেন। এর জেরে জাতীয় সংহতি ক্ষতিগ্রস্ত হতে পারে। পুলিশের আরও অভিযোগ, মহুয়া ইচ্ছাকৃত ভাবেই এই কাজ করেছেন। এই চারটি ধারাই জামিন অযোগ্য।

ডায়মন্ড হারবার সাইবার থানার এই মামলার তদন্ত পুলিশ শুরু করেছে। তিনি কেন এমন মন্তব্য করলেন তা জানতে চাইছে পুলিশ। তাঁর আত্মপক্ষ সমর্থনে কোনও নথি রয়েছে কি না তা-ও জানতে চায় গোয়েন্দারা। আগামী শনিবার, ৫ সেপ্টেম্বর তাঁকে ডায়মন্ড হারবার সাইবার থানায় তলব করা হয়েছে।

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ এই প্রথম যে এমন মন্তব্য করেছেন তা নয়। একাধিক বার একটি বিশেষ সম্প্রদায়কে সামনে রেখে বিপরীত সম্প্রদায় সম্পর্কে ‘উস্কানিমূলক’ মন্তব্য করেছেন। রাজ‍্যে পালাবদলের পরে তাঁর বিরুদ্ধে এমন মন্তব্যের জেরে এফআইআর হয়েছে। গত কয়েক দিন আগে নদিয়ার হোগলবেড়িয়া থানায় হাজিরা দিয়েছেন তিনি। ওই দিন তাঁকে পুলিশ পাঁচ ঘণ্টা জেরা করে।

যদিও তাঁদের সমর্থনে মহুয়া কেন এমন বেফাঁস মন্তব্য করলেন, তা নিয়ে রাজ‍্য পুলিশের সিনিয়র আইপিএস অফিসার জাভেদ শামিম, ওয়াকার রাজা এবং আইএএস অফিসার খলিল আহমেদ এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share