Abhishek Banarjee

থানায় বসেই জাল হলফনামা তৈরি পুলিশের! ভিডিয়ো প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের দাবির স্বপক্ষে একটি ভিডিয়োও প্রকাশ করেন তিনি। অভিষেকের অভিযোগ, থানার ভিতরে বসেই পুলিশকর্মীরা জাল হলফনামা তৈরি করেছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ০৯:২৮

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক তৃণমূল’-এর হয়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা জাল করে তৈরি করেছে পুলিশ। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের দাবির স্বপক্ষে একটি ভিডিয়োও প্রকাশ করেন তিনি। অভিষেকের অভিযোগ, থানার ভিতরে বসেই পুলিশকর্মীরা জাল হলফনামা তৈরি করেছেন। আর সেই নথিই জমা পড়েছে নির্বাচন কমিশনে। এই ঘটনার পিছনে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত রয়েছে বলেও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, প্রয়োজন হলে সব আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। যদিও বিজেপি এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

‘আসল’ তৃণমূল কারা, দলের নাম এবং প্রতীক কার দখলে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত শিবিরের মধ্যে সংঘাত চলছে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়েও দুই শিবিরের বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেয়। সেই অনুযায়ী, দুই শিবিরের কাছ থেকে প্রয়োজনীয় নথি চেয়ে পাঠায় কমিশন। কয়েক দিন আগেই ট্রাকবোঝাই নথি দিল্লিতে পাঠায় মমতা ও ঋতব্রত শিবির। দুই পক্ষই নিজেদের সমর্থনে একাধিক হলফনামা জমা দেয়। কিন্তু ঋতব্রত শিবিরের জমা দেওয়া হলফনামাগুলির একাংশ জাল বলে অভিযোগ তোলে মমতাপন্থী তৃণমূল।

এই অভিযোগ অবশ্য নতুন নয়। গত ২০ নভেম্বর কালীঘাট থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মমতা তৃণমূলের নেতা শুভাশিস চক্রবর্তী। তাঁর অভিযোগ ছিল, নির্বাচন কমিশনে ঋতব্রত শিবিরের জমা দেওয়া নথির একাংশ জাল। অভিযোগের নিশানায় ছিলেন বীরভূমের নানুর থানার কয়েক জন পুলিশ আধিকারিক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়-সহ আরও কয়েক জন। এ বার সেই অভিযোগের সমর্থনে ভিডিয়ো প্রকাশ করে রাজনৈতিক বিতর্ক আরও উসকে দিলেন অভিষেক।

শনিবার প্রকাশিত ভিডিয়োয় কালনা থানার নাম লেখা একটি বোর্ড দেখা গিয়েছে। একটি ঘরে কয়েক জনকে বসে কাগজপত্র সাজাতে এবং নথি নিয়ে কাজ করতে দেখা যাচ্ছে। অভিষেকের দাবি, ওই ভিডিয়োয় যে নথি দেখা যাচ্ছে, সেগুলি ঋতব্রত শিবিরের হয়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা। পুলিশকর্মীরাই তাতে জাল সই করছেন বলে অভিযোগ তাঁর। অভিষেকের দাবি, গত ১৬ অক্টোবর কালনা থানায় বসেই এই হলফনামাগুলি তৈরি করা হয়েছিল। নথিতে ঋতব্রত শিবিরের নেতা অরূপ রায়ের নামও রয়েছে। এমনকি গত ২২ জুন নিউ টাউনের একটি হোটেলে ঋতব্রতদের ডাকা কর্মিসমিতির বৈঠকের উল্লেখও রয়েছে ওই নথিতে। তবে প্রকাশিত ভিডিয়োর সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি।

অভিষেকের আরও দাবি, ঋতব্রত শিবির নির্বাচন কমিশনের কাছে দাবি করেছিল, লক্ষ লক্ষ মানুষ তাদের সমর্থনে হলফনামা জমা দিয়েছেন। কিন্তু সেই হলফনামার সিংহভাগই জাল। তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গ পুলিশকে ব্যবহার করে থানায় বসে জাল হলফনামায় সই করানো হয়েছে। এটা কোনও দলের লোক করছে না। পুলিশকর্মীরা বসে জাল হলফনামা ভরছেন আর সেগুলিই নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।’’

এই ঘটনায় আদালতের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন অভিষেক। তাঁর বক্তব্য, শুধু ভিডিয়োয় যাঁদের দেখা যাচ্ছে, তাঁদের বিরুদ্ধে নয়, যাঁদের নির্দেশে এই কাজ হয়েছে, তাঁদেরও তদন্তের আওতায় আনতে হবে। কালনা থানার ওসি থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি পর্যন্ত আধিকারিকদের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়েরের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রসচিবের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের দাবি তুলেছেন তৃণমূল সাংসদ।

এ দিকে, দলের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে শুক্রবার দিল্লির নির্বাচন সদনে দুই শিবিরের প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানি হয়। শুনানি শেষে মমতাপন্থী তৃণমূলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ঋতব্রত শিবিরের জমা দেওয়া নথির প্রতিলিপি তাঁদের দেওয়া হয়নি। শনিবার সেই প্রসঙ্গ টেনে অভিষেকের দাবি, জালিয়াতি প্রকাশ্যে চলে আসার আশঙ্কাতেই হলফনামার কপি তাঁদের হাতে তুলে দেওয়া হয়নি।

অভিষেকের অভিযোগকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু পাল্টা কটাক্ষ করে বলেন, ভোটে পরাজয়ের পর থেকেই সংশ্লিষ্ট দল ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। দলের কোনও নির্দিষ্ট নীতি বা আদর্শ নেই বলেও দাবি করেন তিনি। সায়ন্তনের কথায়, নিজেদের ব্যর্থতা ঢাকতেই এখন পুলিশ ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। যাঁরা এত দিন পুলিশকে ব্যবহার করে শাসন করেছেন, তাঁরাই এখন পুলিশের মধ্যে ভূত দেখছেন। বিজেপির দাবি, এই অভিযোগের কোনও ভিত্তি নেই।


Share