Suvendu Adhikari

মুখ‍্যমন্ত্রীর নিশানায় অগ্নিমিত্রা, শারদ্বত, ‘অতিসক্রিয়’ দুই মন্ত্রীকে দফতরে বসে কাজ করার পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী

এ ছাড়াও, দফতর ধরে ধরে নিয়োগপ্রক্রিয়া সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করতে হবে বলে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, তিনি জানিয়েছেন, প্রতি দফতরে গড়ে হাজার দশেক কর্মী নিয়োগ করে দ্রুত পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শারদ্বত মুখোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪০

রাজ‍্যের দুই মন্ত্রীকে নিয়ে দফতরে বসে কাজে মন দেওয়ার জন‍্য পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল। সূত্রের খবর, সেই বৈঠকেই রাজ‍্যের দুই মন্ত্রীকে এই পরামর্শ দিয়েছেন।

ওই দু’জন হলেন পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। কয়েক দিন ধরে তাঁদের রাস্তায় নেমে ‘অতিসক্রিয়তা’ দেখা গিয়েছিল। তার পরিবর্তে অগ্নিমিত্রা এবং শারদ্বতকে দফতরে বসে কাজে মনোনিবেশ করতে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অগ্নিমিত্রার ‘পথ-তৎপরতা’র নানা ভিডিয়ো ফুটেজ নিয়ে সমালোচনার ঢল নামে। কখনও তিনি ফুটপাত দখলমুক্ত করতে গিয়েছেন। আবার সব্জিবিক্রেতা বা স্টোভ জ্বালিয়ে দুধ ফোটানো মহিলার সঙ্গে বচসায় জড়িয়েছেন। কখনও আবার পথ নিরাপত্তার নামে মাইক হাতে ছুটে বেড়াতে দেখা গিয়েছে। অন‍্য দিকে, কখনও আবার বাজারের ভিতর সাইকেল রাখা নিয়ে বিক্রেতাদের ধমক দিতে দেখা গিয়েছে অগ্নিমিত্রাকে। এমনকী, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে ফুটপাথবাসীদের রাখি পরাতে, উপহার বিলোতেও দেখা গিয়েছে। তাঁর এমন কাজের ড‍্যামেজ কন্ট্রোল করতে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নামতে হয়েছিল।

সম্প্রতি রাস্তায় নেমে জনসংযোগ এবং বিভিন্ন সরকারি হাসপাতালে আচমকা পরিদর্শনে সক্রিয় হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত। ঘটনাচক্রে, মঙ্গলবার বিধাননগরের বিজেপি বিধায়ক শারদ্বত তাঁর ‘বিধায়ক দরবারে’ আচমকাই পড়শি রাজারহাট-নিউটাউন কেন্দ্রের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়ার সঙ্গে জনসমক্ষে বাদানুবাদে জড়িয়ে পড়েন। সম্প্রতি সল্টলেকের এক রেস্তোঁরা মালিকের কাছ থেকে পুজোর জন‍্য টাকা চাওয়ার অভিযোগ ওঠে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে। এ সব নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। দলের পাশাপাশি সরকারের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে।

এই ধরনের শিক্ষানবিশ কাজকর্মকে যে একেবারেই প্রশ্রয় দেওয়া হবে না তা নিয়ে বার্তা দিয়েছেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরেই নবান্নের বৈঠকে অগ্নিমিত্রার পাশাপাশি তাঁকেও দফতরের কাজে মনোনিবেশ করতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এ ছাড়াও, দফতর ধরে ধরে নিয়োগপ্রক্রিয়া সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করতে হবে বলে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, তিনি জানিয়েছেন, প্রতি দফতরে গড়ে হাজার দশেক কর্মী নিয়োগ করে দ্রুত পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কলকাতা পুলিশে দু’হাজার এবং রাজ্য পুলিশে ছ’হাজার কর্মী নিয়োগ হবে। আপাতত বিষয়টি আদালতে বিচারাধীন। এই নিয়োগ দ্রুত হবে বলে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন বলে ওই সূত্রের খবর। পাশাপাশি, মন্ত্রীদের উদ্দেশে শুভেন্দুর স্পষ্ট নির্দেশ— সুনির্দিষ্ট পরিকল্পনামাফিক বাজেট বরাদ্দের সদ্ব্যবহার করতে হবে। তা না হলে পরবর্তী বাজেটে বরাদ্দ বণ্টনের ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে তিনি জানিয়েছেন।


Share