Eviction

মাঠপুকুরের পর এ বার আমতলা! তৃণমূলের আরেক দলীয় কার্যালয়ে বুলডোজার, অভিষেকের বাবাকে নোটিশের পরও শুনানিতে অনুপস্থিতির অভিযোগ

আধিকারিক, বিডিও এবং বিএলআরও। প্রশাসনের দাবি, পাঁচতলা ওই ভবনটি অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই নির্মিত হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আগেই সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ পাঠানো হয়েছিল।

অভিষেক কার্যালয়ে চালানো হল বুলডোজার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ০২:৩৫

ডায়মন্ড হারবারের আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় হিসেবে পরিচিত ভবনে শনিবার সকালে বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। প্রথমে ভবনের শেড ভাঙা হয়, পরে ধাপে ধাপে দেওয়াল ভাঙার কাজও শুরু হয়। অভিযানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি উপস্থিত ছিলেন দমকলের আধিকারিক, বিডিও এবং বিএলআরও। প্রশাসনের দাবি, পাঁচতলা ওই ভবনটি অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই নির্মিত হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আগেই সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নির্ধারিত শুনানিতে কেউ উপস্থিত না হওয়ায় আইনানুগ প্রক্রিয়া মেনে ভাঙার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

শনিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ঘিরে ফেলে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিডিও, বিএলআরও-সহ প্রশাসন এবং দমকলের আধিকারিকরা। এরপর বুলডোজ়ার এনে কার্যালয়ের সামনের নীল রঙের শেডটি ভেঙে ফেলা হয়। প্রশাসন সূত্রের দাবি, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে সেই পদক্ষেপ ঠিক কী, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।

সূত্রের খবর, গত ৩০ জুন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল। সেই নোটিশে অমিত বন্দ্যোপাধ্যায়, মতি মল্লিক এবং সুশান্ত মণ্ডলকে গত ১৫ জুলাই দুপুর দু'টায় সংশ্লিষ্ট দফতরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। অমিত বন্দ্যোপাধ্যায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, নোটিশে তাঁকে লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর হিসেবে উল্লেখ করা হয়। সুশান্ত মণ্ডলের অভিযোগের ভিত্তিতেই এই তলব বলে নোটিশে জানানো হয়েছিল। পাশাপাশি, প্রত্যেক পক্ষকে নিজেদের দাবি বা অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতেও বলা হয়। তবে অভিযোগ, নোটিশ পাওয়ার পরেও নির্ধারিত দিনে কেউ হাজির হননি। এরপরই শনিবার সকালে প্রশাসন অভিযান শুরু করে।

গত ২৪ মে ইএম বাইপাস সংলগ্ন মাঠপুকুর এলাকার দেবেন্দ্রচন্দ্র দে রোডে অবস্থিত একটি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে ট্যাংরা থানার পুলিশ মোতায়েন ছিল। স্থানীয়দের অভিযোগ, ২০১১ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর একটি বাড়ির সামনের অংশ দখল করে প্রথমে ‘মাঠপুকুর ব্যায়াম সমিতি’ নামে একটি ক্লাব গড়ে তোলা হয়। পরবর্তীতে সেটিই তৃণমূলের দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়। এলাকাবাসীর আরও দাবি, দীর্ঘদিন ধরে ওই কার্যালয়ে মদ্যপান, জুয়ার আসরসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলত।


Share