Mahua Maitra

দিল্লিগামী বিমানে মহুয়া মৈত্রকে 'চোর' স্লোগান, ইন্ডিগো কতৃপক্ষের কাছে অভিযুক্তদের শনাক্ত করার দাবি তৃণমূল সাংসদের

পরে বিমান দিল্লিতে অবতরণের পর, দরজা খোলার আগেই তাঁকে ঘিরে ধরে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। পাশাপাশি মোবাইলে গোটা ঘটনার ভিডিও রেকর্ডও করা হয় বলে দাবি সাংসদের।

দিল্লিগামী বিমানে মহুয়া মৈত্রকে চোর স্লোগান
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১০:০৫

দিল্লিগামী বিমানে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। তৃণমূল সাংসদের দাবি, তিনি হেনস্থা হয়েছেন। সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন মহুয়া। সেই সময় ইন্ডিগোর একটি বিমানের মধ্যেই একদল য বিরুদ্ধে তাকে ঘিরে ধরে স্লোগান দেওয়া ও ভিডিয়ো করার অভিযোগ উঠেছে।

নিজের সমাজমাধ্যমের পোস্টে মহুয়া জানান, বৃহস্পতিবার ইন্ডিগোর ৬ই ৭১৯ বিমানে তিনি দিল্লি যাচ্ছিলেন। তাঁর আসন ছিল বিমানের সামনের সারিতে। অভিযোগ, যাত্রাপথেই কয়েক জন যাত্রী তাঁকে লক্ষ্য করে অশোভন আচরণ করতে শুরু করে। পরে বিমান দিল্লিতে অবতরণের পর, দরজা খোলার আগেই তাঁকে ঘিরে ধরে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। পাশাপাশি মোবাইলে গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ডও করা হয় বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ।

মহুয়ার বক্তব্য, এটি কোনও সাধারণ প্রতিবাদ নয়। সরাসরি হেনস্থা এবং একজন যাত্রীর নিরাপত্তার অধিকারে হস্তক্ষেপ। তিনি ইন্ডিগো কর্তৃপক্ষের কাছে অভিযুক্তদের শনাক্ত করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁদের ‘নো-ফ্লাই লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার আবেদনও করেছেন।

ভিডিয়োতে শোনা যাচ্ছে, কয়েক জন যাত্রী মহুয়া মৈত্রকে দেখে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। তার পরেই বলতে শোনা যায়, “পিসি চোর, ভাইপো চোর। তৃণমূলের সবাই চোর।” বার বার বলতে থাকায় মহুয়াকে নিজের আসন ছেড়ে উঠে যেতেও দেখা যায়।

ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। নিজের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অখিলেশ যাদব এবং অরবিন্দ কেজরীওয়ালকে ট্যাগ করেন মহুয়া। বিরোধী শিবিরের অভিযোগ, একজন সাংসদের সঙ্গে বিমানের ভিতরে এ ধরনের আচরণ অত্যন্ত উদ্বেগজনক এবং তা নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছে।

এখন নজর ইন্ডিগো ও দিল্লি পুলিশের পদক্ষেপের দিকে। অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।


Share