Karnataka High Court On ED

ইডি কোনও ‘সুপার কপ’ নয়, মূল মামলা না থাকলে তদন্তও হবে না, আদালতের ভর্ৎসিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

মূল মামলা বা এফআইআর না থাকলে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে পিএমএলএ-র অধীনে তদন্ত চালাতে পারে না ইডি, জানাল কর্নাটক হাই কোর্ট।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ ০৯:৩১

আবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল আদালত। ইডির ক্ষমতার সীমা স্পষ্ট করেছে কর্নাটক হাই কোর্ট। মূল মামলা না থাকায় কী করে তাঁরা শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তদন্ত করতে পারে তা নিয়ে কর্ণাটক হাই কোর্ট প্রশ্ন তুলেছে। ইডি কোনও ‘সুপার কপ’ নয় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা করেছে হাই কোর্ট।

এক কংগ্রেস নেতার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। সেই মামলাটিকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। অভিযোগ, সরকারি পদের অপব্যবহার করে বেআইনি ভাবে ওই কংগ্রেস নেতা প্রায় ৩৮ জনকে ৮০ একর জমি পাইয়ে দিয়েছিলেন। এই ঘটনায় মূল এফআইআরটি নিম্ন আদালত আগেই খারিজ করে দিয়েছিল। পুলিশের তরফেও ক্লোজার রিপোর্ট জমা পড়ে। কিন্তু মূল মামলার অস্তিত্ব না থাকলেও আর্থিক তছরুপের অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

এই তদন্তকে নিয়ে প্রশ্ন তুলেছে কর্ণাটক আদালত। আদালতের পর্যবেক্ষণ, ইডি কোনও ‘সুপার কপ’ নয়। মূল অপরাধের অভিযোগ বা মামলা না থাকলে আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর আওতায় স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত চালানোর অধিকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নেই।

সেই প্রেক্ষিতেই ইডির দায়ের করা এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ইসিআইআর) খারিজ করে দিয়েছে কর্নাটক হাই কোর্ট। বিচারপতি এম আই অরুণ স্পষ্ট জানিয়েছেন, ইডির ক্ষমতা মৌলিক নয়, বরং অন্য একটি মূল অপরাধের মামলার সূত্র ধরে সেই ক্ষমতার প্রয়োগ করা যায়। শুধুমাত্র আর্থিক তছরুপের সন্দেহের ভিত্তিতে তদন্ত শুরু করতে পারে না সংস্থাটি। মূল অভিযোগের অস্তিত্ব না থাকলে পিএমএলএ-র অধীনে তদন্ত চালানোরও সুযোগ নেই।

বিচারপতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এ-ও বলেছেন, ইডি কোনও ‘সুপার কপ’ নয় যে, কোনও কিছু নজরে এলেই তদন্ত শুরু করবে। আদালতের পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেন্দ্রের নয়। রাজ্য সরকার সেই দায়িত্ব পালন করে। ফলে কোনও অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা প্রয়োজন কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব রাজ্য প্রশাসনের।

উল্লেখ্য, ইডির তদন্তপদ্ধতি এবং ক্ষমতার প্রয়োগ নিয়ে এর আগেও একাধিক বার প্রশ্ন তুলেছে বিভিন্ন আদালত। সুপ্রিম কোর্ট থেকে হাই কোর্ট, বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় সংস্থাটি। বিরোধী রাজনৈতিক দলগুলিও দীর্ঘদিন ধরে ইডির ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সরব। সেই আবহে কর্নাটক হাই কোর্টের এই পর্যবেক্ষণ ফের ইডির তদন্তের এক্তিয়ার ও ক্ষমতার সীমা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিল।


Share