TMC Political Crisis

দলীয় প্রতীক ব্যবহারে বিভ্রান্তির অভিযোগ ঋতব্রত শিবিরের বিরুদ্ধে, এফআইআর দায়ের করার আর্জি কালীঘাট তৃণমূলের

অভিযোগের প্রতিক্রিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিযোগ যে কেউ জানাতেই পারেন। দেশে আইন এবং নির্বাচন কমিশন বলে কিছু ব্যাপার আছে। সেই আইন আর নির্বাচন কমিশনের উপর ভরসা থাকুক।”

(বাঁ দিকে) ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৪:০৪

দলের নাম ও প্রতীক ব্যবহার করে কর্মী-সমর্থকদের বিভ্রান্ত করার অভিযোগ তুলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের বিরুদ্ধে কালীঘাট ও নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করল কালীঘাট তৃণমূল। দলের জাতীয় যুগ্ম সম্পাদক তথা সাংসদ দোলা সেনের পক্ষ থেকে দায়ের করা অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অরূপ রায়, জাভেদ খান, সন্দীপন সাহা এবং বিপ্লব মিত্রের নামও উল্লেখ করা হয়েছে। অভিযোগের প্রতিক্রিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিযোগ যে কেউ জানাতেই পারেন। দেশে আইন এবং নির্বাচন কমিশন বলে কিছু ব্যাপার আছে। সেই আইন আর নির্বাচন কমিশনের উপর ভরসা থাকুক।”

উল্লেখ্য, গত ২২ জুন নিউটাউনের একটি হোটেলে ‘বিশেষ অধিবেশন’-এর আয়োজন করেছিল ঋতব্রত শিবির। সেই বৈঠকে কয়েকজন বিধায়ক ও প্রাক্তন বিধায়কের উপস্থিতিতে একটি জাতীয় কর্মসমিতিও গঠন করা হয়। তবে ওই কমিটিতে স্থান পাননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের অভিযোগ, এই সমান্তরাল সাংগঠনিক তৎপরতার নেপথ্যে আরও কয়েকজন ব্যক্তি রয়েছেন। তাই নিউটাউন থানায় দায়ের করা অভিযোগে তাঁদেরও চিহ্নিত করে তদন্তের আর্জি জানানো হয়েছে।

এ ছাড়াও ঋতব্রত শিবিরের নেতাদের দলীয় পদমর্যাদার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে কালীঘাট তৃণমূল। অভিযোগে বলা হয়েছে, বিধানসভার স্পিকারকে লেখা চিঠিতে ঋতব্রত নিজেকে দলের ‘সাধারণ সম্পাদক’ হিসেবে দাবি করলেও তৃণমূল কংগ্রেস তাঁকে এমন কোনও পদ দেয়নি। একইভাবে, জাভেদ খান ও সন্দীপন সাহা নিজেদের দলের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে কলকাতার তৃণমূল কাউন্সিলরদের বৈঠকে ডেকেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

দোলা সেনের দাবি, দলীয় কর্মী-সমর্থকদের বিভ্রান্ত করতে এবং তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই অবৈধভাবে সমান্তরাল সংগঠন চালানোর চেষ্টা চলছে। দলের নাম ও প্রতীক ব্যবহার করে কীভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে, সেই খরচের উৎস কী, এবং কোন কোন সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে এই শিবিরের প্রচার চালানো হচ্ছে সে সব বিষয়েও তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে নিরপেক্ষ ও বিস্তারিত তদন্তের আবেদন জানিয়েছে কালীঘাট তৃণমূল।


Share