Abhishek Banarjee Birthday

কালীঘাটের সংঘর্ষকাণ্ডে এ বার তদন্তভার লালবাজারের গোয়েন্দাদের, ধৃত তিন জনকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে তদন্তভার তুলে দেওয়া হচ্ছে। এই ঘটনায় ধৃত তিন অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। মঙ্গলবার সকালে তাঁদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছোন তদন্তকারীরা।

কালীঘাট-কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ করল লালবাজারের গোয়েন্দারা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০১:২১

কালীঘাটে গোলমাল ও পুলিশকে হেনস্থার ঘটনায় এ বার লালবাজার তদন্তের দায়িত্ব নিচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে তদন্তভার তুলে দেওয়া হচ্ছে। এই ঘটনায় ধৃত তিন অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। মঙ্গলবার সকালে তদন্তকারীরা তাঁদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছোন। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ঘটনার পুনর্নির্মাণ চলে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে কালীঘাট উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের বচসা থেকে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি ক্রমে সংঘর্ষের চেহারা নেয়। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকর্মীরাও হেনস্থার শিকার হন। ওই রাতের গোলমালের ঘটনায় কালীঘাট থানায় মোট চারটি মামলা দায়ের হয়। এর মধ্যে দু’টি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। একটি মামলা দায়ের হয় গুড়িয়া হরি নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে। অভিষেক-সহ ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। অন্য দিকে, অভিষেকও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেও একটি মামলা রুজু হয়।

ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। ধৃতেরা হলেন মহম্মদ তৌকির আলম, মহম্মদ এরশাদ এবং শ্রীদীপ দাস। কালীঘাট তৃণমূলের দাবি, তিন জনই তাদের দলের কর্মী। ধৃত শ্রীদীপকে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্য দিকে, গুড়িয়া হরির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন তৌকির ও এরশাদ। তবে অভিষেকের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

গত রবিবার ধৃত তিন জনকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে আরও কারা জড়িত, তদন্তকারীরা তা জানার চেষ্টা করছেন। সেই সূত্রেই মঙ্গলবার সকালে তিন অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এলাকায় মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশকর্মী।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে অভিষেকের জন্মদিন পালনের জন্য মাঝরাতে কালীঘাটে জড়ো হয়েছিলেন বহু তৃণমূল নেতা-কর্মী ও অনুগামী। তাঁদের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের বচসা থেকেই উত্তেজনা ছড়ায়। পরে ধস্তাধস্তি, ইট ছোড়াছুড়ি এবং মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অভিষেকের অভিযোগ, ওই ঘটনায় তাঁদের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে এ বার তদন্তে বিশেষ গুরুত্ব দিচ্ছে লালবাজারের গোয়েন্দা বিভাগ।


Share