Special Intensive Revision

ভিনরাজ‍্য থেকে বিচারক এনে এসআইআরের কাজ শেষ করতে বলল সুপ্রিম কোর্ট, দেওয়ানি আদালতের বিচারকদেরও যুক্ত করার নির্দেশ শীর্ষ আদালতের

মঙ্গলবার এসআইআর মামলার শুনানি হয় দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল‍্য বাগচী এবং বিপুল মনুভাই পাঞ্চলির বেঞ্চে। হাই কোর্টের রিপোর্ট হাতে পাওয়ার পরই শুনানি ডাকেন তিনি। গতকাল রাতেই মামলাটিকে শুনানির জন্য জরুরি ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়।

সুপ্রিম কোর্টের এসআইআর মামলার শুনানি হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৮

নথি নিস্পত্তি করতে পর্যাপ্ত লোকবল নেই। তাই ভিনরাজ‍্য থেকে বিচারক এনে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ শেষ করতে বলল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি একটি রিপোর্ট সুপ্রিম কোর্টের জমা দেন। তার ভিত্তিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত জরুরি ভিত্তিতে মামলার শুনানি করেন।

মঙ্গলবার এসআইআর মামলার শুনানি হয় দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল‍্য বাগচী এবং বিপুল মনুভাই পাঞ্চলির বেঞ্চে। হাই কোর্টের রিপোর্ট হাতে পাওয়ার পরই শুনানি ডাকেন তিনি। গতকাল রাতেই মামলাটিকে শুনানির জন্য জরুরি ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়।

শীর্ষ আদালতে হাই কোর্ট রিপোর্ট দিয়ে জানায় ২৫০ জন বিচারবিভাগীয় আধিকারিকদের এসআইআরের কাজে নিযুক্ত করা হয়েছে। প্রধান বিচারপতি পর্যবেক্ষণ, যদি প্রতিটি বিচারক দিনে ২৫০টি করে মামলা নিষ্পত্তি করেন, তাহলেও পুরো যাচাই প্রক্রিয়া শেষ হতে অন্তত ৮০ দিন সময় লাগবে। সুপ্রিম কোর্ট মনে করছে, সেক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারি যে ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা তা অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই এই প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে।

শীর্ষ আদালতের নির্দেশ, প্রয়োজনে ভিনরাজ‍্য থেকে বিচারকেদের এসআইআরের কাজে নিযুক্ত করতে হবে। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকদের নিয়ে নিয়ে আসা যেতে পারে। আইনজীবী কল‍্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি করেন, তাঁরা বাংলা জানেন না। ফলে নথি নিস্পত্তি নিয়ে আবার জটিলতা তৈরি হতে পারে। উত্তরে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, দিল্লি অথবা হরিয়ানা থেকে বিচারকদের আনার কথা এখানে বলা হচ্ছে না। ওড়িশা এবং ঝাড়খণ্ডের কথা বলা হয়েছে। এই দুই রাজ‍্য অখন্ড পশ্চিমবঙ্গের অংশ ছিল। তাই কোনও অসুবিধা হবে না। সেই মর্মে এই দুই রাজ‍্যের প্রধান বিচারপতিকে বিচারক দেওয়া যায় কি না তা নিয়ে অনুরোধ জানিয়েছে দেশের শীর্ষ আদালত। এই বিষয়টিকে ‘সহানুভূতির সঙ্গে বিবেচনা’ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, এই সমস্ত ভিনরাজ‍্যের বিচারকদের ভ্রমণ, থাকা ও অন্যান্য সম্মানিক-সহ সমস্ত খরচ নির্বাচন কমিশন বহন করবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়াও, এসআইআরের নথি নিস্পত্তির কাজে দেওয়ানি আদালতের বিচারকদের নিযুক্ত করা যেতে পারে বলেও নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে তাঁদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, ভোটার যাচাইয়ের ক্ষেত্রে নথিগুলি গ্রহণযোগ্য হবে— ২০২৫ সালের ২৭ অক্টোবরের নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি, ২০২৫ সালে ৮ সেপ্টেম্বরের আধার কার্ড সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ, ১৯ জানুয়ারির অ্যাডমিট কার্ড সংক্রান্ত আদালতের নির্দেশ এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া সমস্ত নথি বিবেচনায় নিতে হবে।


Share