TMC Leader

কুমারগঞ্জে চাকরির টোপ দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ সমবায় সভাপতি জাহির হোসেন মন্ডলের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

অভিযোগকারী প্রেমানন্দ বসাকের দাবি, ২০১৮ সালে তাঁর ছেলে প্রতীক মহন্তকে ফকিরগঞ্জ কৃষি সমবায় সমিতিতে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সমিতির সভাপতি জাহির হোসেন মন্ডল তাঁর কাছ থেকে মোট চার লক্ষ টাকা নেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কুমারগঞ্জ
  • শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৩:০৬

সরকারি কিংবা সমবায় সংস্থায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ নতুন নয়। এ বার সেই অভিযোগ উঠল কুমারগঞ্জের এক প্রভাবশালী সমবায় নেতার বিরুদ্ধে। অভিযোগকারী প্রেমানন্দ বসাকের দাবি, ২০১৮ সালে তাঁর ছেলে প্রতীক মহন্তকে ফকিরগঞ্জ কৃষি সমবায় সমিতিতে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সমিতির সভাপতি জাহির হোসেন মন্ডল তাঁর কাছ থেকে মোট চার লক্ষ টাকা নেন। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও চাকরি মেলেনি, ফেরত মেলেনি টাকাও।

প্রেমানন্দ বসাকের আরও অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি এলাকায় রাজনৈতিকভাবে যথেষ্ট প্রভাবশালী এবং তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মন্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত। সেই কারণেই এতদিন ভয়ে মুখ খোলেননি তিনি। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাহস সঞ্চয় করে অবশেষে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জাহির হোসেন মন্ডল। তাঁর দাবি, অভিযোগকারী প্রেমানন্দ বসাক একসময় ওই সমবায় সমিতির সম্পাদক ছিলেন এবং সেই সময় থেকেই সমিতির প্রায় চার লক্ষ টাকা তাঁর কাছে বকেয়া রয়েছে। জাহির হোসেন মন্ডলের বক্তব্য, “বকেয়া টাকা ফেরত না দেওয়ার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।”

ঘটনা সামনে আসতেই স্থানীয় সমবায় ব্যবস্থার স্বচ্ছতা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিকভাবে প্রভাবশালী এক সমবায় কর্তার বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্তে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর এলাকাবাসীর।


Share