Abhishek Banarjee

হোয়াটসঅ্যাপেই গ্রুপেই আসছে নির্দেশ, স্ক্রিনশট শেয়ার করে সমাজমাধ্যমে পোস্ট অভিষেকের, উঠে এল সি মুরগানের নামও

অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে স্ক্রিনশট পোস্ট করে লেখেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে অমান্য করার এক্তিয়ারও কি নির্বাচন কমিশনের রয়েছে? দেশের সর্বোচ্চ আদালত বারবার স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া এবং কমিউনিকেশনের ক্ষেত্রে যথাযথ চ্যানেল ব্যবহারের কথা বলেছে। অথচ আমরা দেখছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নির্দেশ দেওয়া হচ্ছে।’

অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৮

হোয়াটসঅ্যাপেই গ্রুপেই আসছে নির্বাচন কমিশনের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য। এ নিয়ে মুখ্যমন্ত্রী মঙ্গলবার সরব হয়েছিলেন। বুধবার এ নিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হলেন। কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে এমন দাবি করেন অভিষেক। তাঁর সমাজমাধ্যমের পোস্টে উঠে এল বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানের নামও।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে স্ক্রিনশট পোস্ট করে লেখেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে অমান্য করার এক্তিয়ারও কি নির্বাচন কমিশনের রয়েছে? দেশের সর্বোচ্চ আদালত বারবার স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া এবং যোগাযোগের ক্ষেত্রে যথাযথ চ্যানেল ব্যবহারের কথা বলেছে। অথচ আমরা দেখছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নির্দেশ দেওয়া হচ্ছে।”

তিনি আরোও লেখেন, আশ্চর্যের বিষয় হলো সি মুরুগানের মতো স্পেশাল রোল অবজার্ভার বার্থ সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা সংক্রান্ত নির্দেশিকার জন্যও হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করছেন। মাইক্রো অবজার্ভারদের সেই গ্রুপেই নির্দেশ দিচ্ছেন।

পোস্টের মাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, অভিষেক প্রশ্ন তোলেন, “নির্বাচন কমিশনকে কি মনে করিয়ে দিতে হবে, সুপ্রিম কোর্ট খুব সুনির্দিষ্ট ভাবে বলেছে যে মাইক্রো অবজার্ভারদের ভূমিকা কী হবে। তা হলে কেন এই ধরনের নির্দেশ বাইপাস করা হচ্ছে? কার নির্দেশে করা হচ্ছে?”

এতেই থামেননি অভিষেক। এ দিন তিনি আরও গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, রোল অবজার্ভারদের জেলাভিত্তিকভাবে নিয়োগ করা হলেও তাঁদের লগইন ক্রেডেনশিয়াল কলকাতা থেকেই ব্যবহার করা হচ্ছে। তাঁর মতে, লগইন সংক্রান্ত তথ্যের অপব্যবহার করে নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। অভিষেকের অভিযোগ, দিল্লিতে বসে থাকা নির্বাচন কমিশনের পলিটিক্যাল মাস্টার’দের নির্দেশেই এ সব ঘটছে। তিনি জানান, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আবারও দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবা হচ্ছে।


Share