TMC

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার সাথা কাপড়ের থান, বান্ডিল বান্ডিল জব কার্ড উদ্ধার, শুরু রাজনৈতিক তরজা

স্থানীয়দের একাংশের অভিযোগ, “চার তারিখে যদি তৃণমূল জিতত, তাহলে রক্ত ঝরত বাংলার মাটিতে। সেই কারণেই আগেভাগে সাদা থান আর লাঠি মজুত করে রাখা হয়েছিল।

তৃণমূলের দলীয় কার্যালয়ে উদ্ধার বান্ডিল বান্ডিল জব কার্ড।
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ
  • শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৩:৫৮

তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার সাদা কাপড়ের থান, বান্ডিল বান্ডিল জব কার্ড। সেই সঙ্গে লাঠি-রড উদ্ধার করা হয়েছে। রবিবার হুগলির আরামবাগের সালেপুর ২ নম্বর অঞ্চলে দঙ্গল এলাকায় ঘটনাটি ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই দলীয় কার্যালয়ে অবৈধ কার্যকলাপ চলত।

খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের ওই দলীয় কার্যালয়ের বাইরে বিজেপির কর্মীরা ভিড় জমান। অভিযোগ ওঠে, দীর্ঘদিন ধরেই ওই তৃণমূলের দলীয় কার্যালয়ে নানা রকম অবৈধ কার্যকলাপ চলত। বোমা, বন্দুক, অবৈধ অস্ত্র মজুত থেকে শুরু করে গোপন বৈঠক— ওই অফিস সব কিছুরই আঁতুড়ঘর  ছিল।

স্থানীয়দের আশঙ্কা ছিল, ভিতরে থাকা গুরুত্বপূর্ণ নথি ও সন্দেহজনক সামগ্রী দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা হতে পারে। সেই কারণেই আরামবাগ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। বিজেপি কর্মীদের দাবি ছিল স্পষ্ট— পুলিশের সামনেই দলীয় কার্যালয় অফিসের তালা খুলতে হবে। সামনে আনতে হবে ভিতরে লুকিয়ে থাকা ‘অন্ধকার সত্য’।

অবশেষে পুলিশের উপস্থিতিতে গেট তৃণমূলের দলীয় কার্যালয়ের গেট খোলা হয়। তারপর একের পর এক চাঞ্চল্যকর জিনিস সামনে আসে। ভিতর থেকে বান্ডিল বান্ডিল জব কার্ড, লাঠি, রড এবং সাদা কাপড়ের থান উদ্ধার করা হয়। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপির কর্মী- সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন।

স্থানীয়দের একাংশের অভিযোগ, “৪ মে যদি তৃণমূল জিতত, তাহলে রক্ত ঝরত। সেই কারণেই আগেভাগে সাদা থান আর লাঠি মজুত করে রাখা হয়েছিল। পরিকল্পনা ছিল, বিরোধীদের বাড়িছাড়া করা। এলাকায় সন্ত্রাস নামানো এবং ভয়ের পরিবেশ সৃষ্টি করা।”

ঘটনাকে কেন্দ্র করে দঙ্গল এলাকা মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক তরজা চলছে। তার মাঝেই এই ঘটনাকে ঘিরে এখন প্রশ্ন উঠছে— একটি রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে এত জব কার্ড, লাঠি ও সাদা কাপড়ের থান এল কোথা থেকে? এর পিছনে কি বড় কোনও ষড়যন্ত্র লুকিয়ে ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।


Share