Honorarium Hike

নির্বাচন ঘোষণার আগেই পুরোহিত এবং মোয়াজ্জিমদের বৃদ্ধি পাচ্ছে ভাতা! ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

২০১২ সাল থেকে ইমাম-মোয়াজ্জিমদের ভাতা দেওয়া চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। গত ২০২৩ সালে ইমাম এবং মোয়াজ্জিমদের ভাতা বৃদ্ধি করা হয়েছিল। সেই সময় রাজ্যের নথিভুক্ত প্রায় ৩০ হাজার ইমাম ও ২০ হাজার মোয়াজ্জিম সরকারি ভাতা পেতেন।

পুরোহিত এবং মোয়াজ্জিমদের ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৩:২৬

রবিবার বিকেলে ঘোষণা হবে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার আগেই ভাতা বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। নিজের সমাজমাধ্যমে পোস্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংবাদ জানিয়েছেন।

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন। বর্তমানে পুরোহিত এবং মোয়াজ্জিমেরা প্রতি মাসে এক হাজার ৫০০ টাকা করে ভাতা পান। ভাতা বৃদ্ধির কাঠামোয় পরিবর্তনের ফলে এ বার থেকে তাঁরা প্রতি মাসে দু’হাজার টাকা করে পাবেন। একই সঙ্গে, পুরোহিত ও মুয়াজ্জিমদের পক্ষ থেকে যথাযথ ভাবে জমা দেওয়া সমস্ত নতুন আবেদনও রাজ্য সরকার অনুমোদন করেছে করে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। মমতার কথায়, সমাজের আধ্যাত্মিক ও সামাজিক জীবনের ধারাকে সমুন্নত রাখতেই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে পেরে গর্ববোধ করি, যেখানে প্রতিটি সম্প্রদায় ও প্রতিটি ঐতিহ্যকে সমান ভাবে মূল্য দেওয়া হয়। এবং তা শক্তিশালী করা হয়। আমাদের প্রচেষ্টা, যাতে আমাদের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যের ধারক-বাহকেরা যথাযথ স্বীকৃতি ও সহায়তা পান।”

২০১২ সাল থেকে ইমাম-মোয়াজ্জিমদের ভাতা দেওয়া চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। গত ২০২৩ সালে ইমাম এবং মোয়াজ্জিমদের ভাতা বৃদ্ধি করা হয়েছিল। সেই সময় রাজ্যের নথিভুক্ত প্রায় ৩০ হাজার ইমাম ও ২০ হাজার মোয়াজ্জিম সরকারি ভাতা পেতেন। রাজ্য সরকার ভাতা দিলেও তা বণ্টন করে ওয়াকফ বোর্ড। ২০২৬ সালে আরও পুরোহিত এবং মোয়াজ্জিম ভাতা পেতে আবেদন করেছেন। তা যথাযথ ভাবে গৃহীত হয়েছে। সেই অনুযায়ী অনুমোদন দিয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য, রবিবার বিকেলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার পরে আর রাজ‍্য সরকার আর্থিক অনুদান আইন অনুযায়ী ঘোষণা করতে পারবে না। জেতার লক্ষ‍্যে হিন্দুভোটকে হাতিয়ার করে মাঠে নেমেছে বিজেপি।অন‍্যদিকে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে হিন্দু এবং বাকি সংখ্যালঘু সম্প্রদায়কে একজোট হওয়ার বার্তা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, নির্বাচনের আগে সেই ভোটব‍্যঙ্ক যাতে ভাগ না হয়ে যায়, সেটা মাথায় রেখেই বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


Share