Assembly Election 2026

আগামী রবিবার রাজ‍্যে আসছেন কমিশনের আধিকারিকেরা, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের পরিস্থিতি নিয়ে হবে পর্যালোচনা বৈঠক

বিধানসভা নির্বাচনের আগেই রাজ‍্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেই বাহিনী ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়েছে। কমিশনের নির্দেশ মেনে তাঁরা স্পর্শকাতর এলাকায় রুট মার্চ করেছেন। সবচেয়ে বেশি কলকাতায় মোতায়েন করা হচ্ছে। তার পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর।

দেশের নির্বাচন কমিশনের সদর দফতর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ০৭:০০

আগামী রবিবার রাজ‍্যে আসছে কমিশনের আধিকারিকেরা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। কমিশন সূত্রের খবর, পরপর দু’দিন কমিশনের আধিকারিকেরা শহরে থাকছেন। তাঁরা নির্বাচনের আগে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

নির্বাচন কমিশন সূত্রের খবর, ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সচিব এস বি যোশী, ডিরেক্টর মনোজ সি, ডেপুটি সচিব অভিনব আগরওয়াল রাজ্যে আসছেন। আগামী ৮ মার্চ, রবিবার কমিশনের চার আধিকারিক আসছেন। আগামী ১০ মার্চ পর্যন্ত রাজ্যে থাকবেন।

মার্চ মাসেই রাজ‍্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। জানা গিয়েছে, তার আগে রাজ্যের কী পরিস্থিতি আছে তা খতিয়ে দেখতেই কমিশনের আধিকারিকেরা আসছেন। বৈঠকে উপস্থিত থাকতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলিও। প্রতিটি সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পৃথক ভাবে সঙ্গে পুঙ্খানুপুঙ্খ বিষয় ধরে আলোচনা হবে।

বিধানসভা নির্বাচন পরিচালনা করার জন‍্য যাবতীয় যা যা প্রস্তুতির প্রয়োজন তা এই বৈঠকের মাধ্যমেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে সঙ্গে নিয়ে পর্যালোচনা করে দেখবেন তাঁরা। কী বাকি আছে, তা আদেও বাস্তবায়িত করা যায় কি না, সে বিষয়েও গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিতে পারেন তাঁরা। শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে কী কাজ হয়েছে, তারই চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখবেন কমিশনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগেই রাজ‍্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেই বাহিনী ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়েছে। কমিশনের নির্দেশ মেনে তাঁরা স্পর্শকাতর এলাকায় রুট মার্চ করেছেন। সবচেয়ে বেশি কলকাতায় মোতায়েন করা হচ্ছে। তার পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর।

কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখার জন‍্য পাঠানো হয়নি। রাজ‍্য পুলিশের দায়িত্ব তাঁদের প্রয়োজনের ব‍্যবহার করতে পারবে।


Share