Indian Secular Front

হাই কোর্টে অস্বস্তি আইএসএফের, খাম প্রতীক নিয়ে মামলা খারিজ করে দিলেন বিচারপতি

‘খাম’ চিহ্ন কেন এ ভাবে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দেওয়া হল, তা অবিলম্বে আইএসএফ-কে ফেরত দেওয়া হোক তা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে নওশাদের দল। গত ২১ সেপ্টেম্বর মামলা দায়ের হয়।

আইএসএফের খাম প্রতীক নিয়ে মামলা খারিজ করে দিলেন বিচারপতি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫

কলকাতা হাই কোর্টের নির্দেশে অস্বস্তিতে পড়ল নওশাদ সিদ্দিকির দল আইএসএফ। ‘খাম’ চিহ্নের দাবি করে যে মামলা তাঁরা হাই কোর্টে করেছিল তা খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট।

গত ২০২১, ২০২৪ এবং ২০২৬ সালের নির্বাচনে নওশাদ সিদ্দিকির আইএসএফ ‘খাম’ চিহ্ন নিয়ে লড়াই করেছিল। আসন্ন রেজিনগর এবং নন্দীগ্রামে উপনির্বাচনের আগে ‘খাম’ চিহ্ন হাতছাড়া হয়েছে। পরিবর্তে তাঁদের ‘আলমারি’ চিহ্ন দিয়েছে নির্বাচন কমিশন। ‘খাম’ চিহ্ন গিয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের কাছে। ‘খাম’ চিহ্ন কেন এ ভাবে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দেওয়া হল, তা অবিলম্বে আইএসএফ-কে ফেরত দেওয়া হোক তা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে নওশাদের দল। গত ২১ সেপ্টেম্বর মামলা দায়ের হয়।

বিচারপতি কৃষ্ণা রাও নির্বাচন কমিশন, আইএসএফ এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বক্তব্য শোনার পরে রায়দান স্থগিত রাখেন। বুধবার সকালে রায়দান করার সময় বিচারপতি রাও জানান, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আদালত এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না। তাই মামলাটি খারিজ করে দেওয়া হল।

আগামী ৬ অক্টোবর রেজিনগর এবং নন্দীগ্রামে উপনির্বাচন রয়েছে। নওশাদ সিদ্দিকির দল দু’টি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে। প্রথমে নির্বাচন কমিশনের কাছে তিনি দ্বারস্থ হন। তবে নির্বাচনের আগে প্রতীক মামলাটি খারিজ করে দেওয়ায় বিড়ম্বনায় পড়েছে নওশাদ সিদ্দিকির দল।


Share