Governor Reshuffle

কেরল থেকে তামিলনাড়ুতে সরানো হল রাজেন্দ্র আরলেকরকে, ছ’রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ছ’রাজ‍্যের পরিবর্তন প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নজর কেড়েছে। তবে এই বদলির পিছনে নির্দিষ্ট কোনও রাজনৈতিক কারণ রয়েছে বলে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১২:৪০

দেশের ছ’রাজ্যে রাজ্যপাল পদে বড়সড় রদবদল করল কেন্দ্রীয় সরকার। সোমবার রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ছ’টি রাজ্যের নতুন রাজ্যপালের নাম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনে কেরল, তামিলনাড়ু, ওড়িশা, কর্নাটক, উত্তরাখণ্ড ও সিকিমে নতুন নিয়োগের কথা জানানো হয়েছে। এই রদবদলে দুই রাজ্যের বর্তমান রাজ্যপালকে অন্য রাজ্যে পাঠানো হয়েছে। চারটি রাজ্যে নতুন মুখকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সিকিমের বর্তমান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুরকে কেরলের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি বিজেপির প্রাক্তন জাতীয় সাধারণ সম্পাদক ছিলেন। অন্য দিকে, কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে তামিলনাড়ুর রাজ্যপাল করা হয়েছে। সিকিমের দায়িত্ব পাচ্ছেন দুষ্যন্ত গৌতম। ওড়িশার রাজ্যপাল হিসেবে ব্রজমোহন রাম, কর্নাটকের রাজ্যপাল হিসেবে সুধা যাদব এবং উত্তরাখণ্ডের রাজ্যপাল হিসেবে ঢাল সিং বিসেনকে নিয়োগ করা হয়েছে। সুধা যাদব বিজেপির সংসদীয় বোর্ডের সদস্য ছিলেন। ঢাল সিং বিসেন ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রিসভাতেও দায়িত্ব পালন করেছেন। চারবার বিধায়ক নির্বাচিত হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

এই নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল কেরল ও তামিলনাড়ুর রাজ্যপাল পদে পরিবর্তন। এত দিন কেরলের রাজ্যপালের দায়িত্বে থাকা রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এ বার তামিলনাড়ুর দায়িত্ব সামলাবেন। অন্য দিকে, সিকিম থেকে কেরলে যাচ্ছেন ওমপ্রকাশ মাথুর। এই দুই রাজ্যে রাজ্যপাল পদে পরিবর্তন প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নজর কেড়েছে। তবে এই বদলির পিছনে নির্দিষ্ট কোনও রাজনৈতিক কারণ রয়েছে বলে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।


Share