Abhishek Banarjee

অভিষেকের জন্মদিনের আগেই কালীঘাটে তুমুল সংঘর্ষ! বিজেপি-তৃণমূলের স্লোগান-পাল্টা স্লোগান থেকে ইটবৃষ্টি, আহত অন্তত ৭

তৃণমূল সাংসদের অনুগামীদের সঙ্গে এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে শুক্রবার গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা চত্বর।

তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ ১১:১৬

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের প্রাক্কালে রণক্ষেত্রের চেহারা নিল কালীঘাটের বাড়ি সংলগ্ন এলাকা। তৃণমূল সাংসদের অনুগামীদের সঙ্গে এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে শুক্রবার গভীর রাতে পুরো চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। স্লোগান-পাল্টা স্লোগান থেকে শুরু হয় বাদানুবাদ। এরপর পরিস্থিতি গড়ায় হাতাহাতি ও ইটবৃষ্টিতে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী ঘটনাস্থলে নামে।

ঘটনার পর নিজেই বাড়ি থেকে বেরিয়ে এসে ডায়মন্ড হারবারের সাংসদ ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, এত সংখ্যক সমর্থক পাশে না থাকলে তাঁকে প্রাণে মেরে ফেলা হত। এই হামলার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। অভিষেকের আরও অভিযোগ, তাঁর ছবির কাটআউট ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এমনকী, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কর্তব্যরত পুলিশের গালেও চড় মেরেছে বলে তিনি দাবি করেন। সংঘর্ষে আহত তৃণমূল কর্মীদের আঘাত গুরুতর বলেও জানান সাংসদ। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

রাতের ঘটনার পর অভিষেক সমাজমাধ্যমে সরব হন। রাত প্রায় ২টো নাগাদ এক্স হ্যান্ডলে তিনি লেখেন, 'এইমাত্র রাত ২টোর সময় কলকাতা পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডারা আমার বাড়িতে হামলা করল। এই পুরো ঘটনাটি ঘটার সময় নীরব দর্শক হয়ে থাকার জন্য কলকাতা হাই কোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। আমি সবকিছু আপলোড করব।'

উল্লেখ্য, শুক্রবার সকালেই নিজের এক্স হ্যান্ডলে বাড়ি ও অফিসের সামনে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির নজরদারি চালানোর অভিযোগ তুলেছিলেন অভিষেক। তাঁদের ছবি প্রকাশ করে তিনি দাবি করেন, গত দু’দিন ধরে ওই ব্যক্তিরা তাঁর বাড়ি ও অফিসের আশপাশে ঘোরাফেরা করছেন। তাঁদের মোটরবাইকের রেজিস্ট্রেশন নম্বরও তিনি প্রকাশ করেন। অভিষেকের অভিযোগ, জিজ্ঞাসাবাদ করা হলে ওই ব্যক্তিরা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিচ্ছেন। এরপরই প্রশ্ন তোলেন সাংসদ, রাজ্য পুলিশ কেন তাঁর উপর নজরদারি চালাচ্ছে?

শুক্রবার রাত দেড়টা নাগাদ জন্মদিন উপলক্ষ্যে অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে তাঁর অনুগামীরা জড়ো হতে শুরু করেন। অভিযোগ, সেই সময় কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক অভিষেককে লক্ষ্য করে 'চোর' স্লোগান দেন। তৃণমূল কর্মীরা পাল্টা স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। একে অপরকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়।  দু’পক্ষের কর্মী-সমর্থকেরা তারপরই সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও রাতভর এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। প্রায় চার ঘণ্টা অবস্থানের পর অবশেষে ভোরের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢোকেন। শনিবার সকালে তাঁর সঙ্গে দেখা করতে কালীঘাটের বাড়িতে যান তৃণমূল সাংসদ দোলা সেন।


Share