Suvendu Adhikari

ওবিসি থেকে আবাস যোজনা, কোভিড দুর্নীতি থেকে চাকরি কেলেঙ্কারি, ১৫ বছরের সব ফাইল খুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, “এসআইআর পর্বে যারা বেআইনিভাবে কাস্ট সার্টিফিকেট বা জাতি শংসাপত্র ইস্যু করেছেন, তাঁদের আমি ছাড়ব না। ওবিসি, এসসি বা এসটি সার্টিফিকেট নিয়ে যাঁরা জালিয়াতি করেছেন, তাঁদের সব ফাইল আমার কাছে আছে। উপযুক্ত শাস্তি হবে।”

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৯:৩৮

সোমবার নবান্ন সভাঘরে রাজ্যের শীর্ষ আমলা ও সচিবদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন, গত ১৫ বছরে প্রশাসনিক স্তরে হওয়া সমস্ত অনিয়মের তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ওবিসি, এসসি ও এসটি সার্টিফিকেট ইস্যুতে দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি কঠোর অবস্থান নেন।

মুখ্যমন্ত্রী বলেন, “এসআইআর পর্বে যারা বেআইনিভাবে কাস্ট সার্টিফিকেট বা জাতি শংসাপত্র ইস্যু করেছেন, তাঁদের আমি ছাড়ব না। ওবিসি, এসসি বা এসটি সার্টিফিকেট নিয়ে যাঁরা জালিয়াতি করেছেন, তাঁদের সব ফাইল আমার কাছে আছে। উপযুক্ত শাস্তি হবে।”

প্রসঙ্গত, বিপুল সংখ্যক ওবিসি সার্টিফিকেট বাতিলের ঘটনায় আগেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাই কোর্ট। সেই মামলাকে কেন্দ্র করে বর্তমানে সুপ্রিম কোর্টেও আইনি প্রক্রিয়া চলছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, এই বিতর্কে যুক্ত আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হবে।

আবাস যোজনা তথা ‘বাংলার বাড়ি’ প্রকল্প নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এসআইআরের সময়ে দেখা গিয়েছে বহু ‘যোগ্য’ নাম বাদ দেওয়া হয়েছে, অথচ যাদের অস্তিত্ব নেই, তাদের নামে ঘর ইস্যু হয়েছে। শুভেন্দুর নির্দেশ, “এগুলো খুঁজে বের করুন। মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলা সহ্য করা হবে না।”

বৈঠকে আরও একাধিক স্পর্শকাতর ইস্যু উঠে আসে। কোভিড পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য কেনাকাটায় দুর্নীতির যে অভিযোগ উঠেছিল, তা নিয়েও তদন্তের ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শিক্ষক নিয়োগ-সহ বিভিন্ন চাকরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে জড়িত ব্যক্তি ও নীরব সহযোগীদের বিরুদ্ধেও নজরদারির কথা জানান তিনি।

এছাড়া সিএএ-র জন্য জমা পড়া আবেদনগুলিও স্বচ্ছতার সঙ্গে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

বৈঠকের শেষে আমলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা ছিল স্পষ্ট, “ভয় পাবেন না, কিন্তু সত্য গোপন করবেন না। চাটুকারিতা ছেড়ে কাজের কাজ করুন।” তাঁর এই মন্তব্য থেকেই পরিষ্কার, প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে নতুন সরকার।


Share