New Airports in West Bengal

আগামী দু’বছরের মধ্যে পশ্চিমবঙ্গে হবে চারটি নতুন বিমানবন্দর, ঘোষণা কেন্দ্রের, নবান্নে সাক্ষরিত হল চুক্তি

চারটি বিমানবন্দর বাস্তবায়িত হলে জঙ্গলমহল, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে বিমান যোগাযোগ বাড়বে। এর ফলে পর্যটন, শিল্প, বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে।

(বাঁ দিক থেকে) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ১১:২৯

পশ্চিমবঙ্গের বিমান যোগাযোগ ব্যবস্থাকে আরও সম্প্রসারণের লক্ষ্যে আগামী দু’বছরের মধ্যে রাজ্যে চারটি বিমানবন্দর উন্নয়নের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। নবান্নে কেন্দ্র ও রাজ্যের মধ্যে UDAN (উড়ান) প্রকল্প বাস্তবায়ন নিয়ে চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু জানান, প্রস্তাবিত চারটি বিমানবন্দর হবে— পুরুলিয়ার ছড়রা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং আলিপুরদুয়ারের হাসিমারা। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই বিমানবন্দরগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের বিমান যোগাযোগ আরও সম্প্রসারিত করা হবে।

কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগামী ১০ বছরে পশ্চিমবঙ্গে UDAN প্রকল্পের আওতায় প্রায় ২৯,০০০ কোটি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। কলকাতায় ক্রমবর্ধমান যাত্রীদের চাপ সামলাতে একটি দ্বিতীয় বড় বিমানবন্দর তৈরির প্রয়োজনীয়তা রয়েছে।

প্রস্তাবিত বিমানবন্দরগুলির মধ্যে হাসিমারা ও কলাইকুণ্ডায় ইতিমধ্যেই দীর্ঘ এয়ারস্ট্রিপ রয়েছে, যা ভবিষ্যতে অসামরিক বিমান পরিষেবার কাজে ব্যবহার করা যেতে পারে বলে কেন্দ্রীয় সরকার মনে করছে। কলকাতার বিমান পরিষেবার পরিকাঠামো আরও শক্তিশালী করতে কল্যাণীতে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

চারটি বিমানবন্দর বাস্তবায়িত হলে জঙ্গলমহল, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে বিমান যোগাযোগ বাড়বে। এর ফলে পর্যটন, শিল্প, বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে।


Share