Election 2026

এই প্রথম বার ১৫২টি কেন্দ্রে মহকুমাশাসক পদমর্যাদার আধিকারিককে রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ করল নির্বাচন কমিশন, তুঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি

জন প্রতিনিধিত্ব আইনের ২১ নম্বর ধারা অনুযায়ী, প্রতিটি বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়। রিটার্নিং অফিসার বিধানসভা কেন্দ্রের নির্বাচন পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করেন। তিনি রাজনৈতিক দলের প্রতিনিধিদের মনোনয়ন পত্র গ্রহণ করেন।

দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মনোজকুমার আগরওয়াল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১০:৪০

পশ্চিমবঙ্গের নির্বাচনের ইতিহাসে এটাই প্রথম। ১৫২ বিধানসভা কেন্দ্রে মহকুমাশাসক স্তরের আধিকারিকদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে কোনও বিধানসভা নির্বাচনে একসঙ্গে এতগুলি মহকুমাশাসক স্তরের আধিকারিকদের রির্টানিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়নি।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবারই ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার আগেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখে গিয়েছে কমিশনের ফুল বেঞ্চ। তার পরেই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন‍্য রিটার্নিং অফিসার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী, তার মধ্যে ১৫২টি কেন্দ্রে মহকুমাশাসক, বাকি আসনগুলিতে তাঁদের সমান পদমর্যাদার আধিকারিকদের নিয়োগ করা হয়েছে। তাঁরা বেশিরভাগই আইএএস অফিসার। যা এর আগে কোনও বিধানসভা নির্বাচনে আগে হয়নি। কমিশনের বক্তব্য, দেশে অন‍্যান‍্য রাজ‍্যে এমনই হয়ে থাকে। এ বার দেশের অন্যান্য রাজ্যের মতোই উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা করা হবে।

উল্লেখ্য, জন প্রতিনিধিত্ব আইনের ২১ নম্বর ধারা অনুযায়ী, প্রতিটি বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়। রিটার্নিং অফিসার বিধানসভা কেন্দ্রের নির্বাচন পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করেন। তিনি রাজনৈতিক দলের প্রতিনিধিদের মনোনয়ন পত্র গ্রহণ করেন। তা স্ক্রুটিনি করেন। তিনিই যাচাই করে ভুল-ত্রুটি দেখে বাতিলও করতে পারেন। মনোনয়ন প্রত‍্যহারের পরে নির্দিষ্ট কেন্দ্রে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। শান্তিপূর্ণ নির্বাচন করানোর দায়িত্ব রয়েছে তাঁর ওপরেই। ভোট গণনার কার্যক্রম তিনিই পরিচালনা করেন। গণনা শেষে বিজয়ী প্রার্থীকে ঘোষণা তিনিই করেন। জন প্রতিনিধিত্ব আইনের ২২ নম্বর ধারায় তাঁকে সাহায্য করেন এমআরও।


Share