Governor of West Bengal

রাজ‍্যের ২২তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন প্রাক্তন আইবি কর্তা আর এন রবি, শপথবাক্য পাঠ করালেন হাই কোর্টের প্রধান বিচারপতি

পরবর্তী রাজ্যপাল হিসাবে ঘোষিত হওয়ার পর পরই সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ‘‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীর ভাবে উদ্বিগ্ন।’’

পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল হিসেবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১২:১১

পশ্চিমবঙ্গের ২২তম রাজ‍্যপাল হিসেবে শপথগ্রহণ করলেন প্রাক্তন আইবি কর্তা রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার সকালে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাঁকে শপথবাক্য পাঠ করালেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ‍্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার নির্ধারিত সময় মেনেই সকাল ১১টা নাগাদ শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। শপথগ্রহণের আগে জাতীয় সঙ্গীত জনগণমন এবং জাতীয় গান বন্দে মাতরম্ বাজানো হয়। তার পরেই হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণের পরে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন রাজ্যপাল রবি।

সিভি আনন্দ বোসের ইস্তফার পরে পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল পদে রবীন্দ্র নারায়ণ রবির নামে সিলমোহর দেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকাল বুধবার চেন্নাই থেকে দিল্লি হয়ে রাজ্যে আসেন প্রাক্তন সিবিআই এবং আইবি কর্তা আর এন রবি। এতোদিন তিনি তামিলনাড়ুর রাজ‍্যপাল ছিলেন। সেখানে একাধিক বিল নিয়ে সংঘাতে জড়িয়েছিলেন স্টালিনের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে। এ বার তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করবেন।

গতকাল সিভি আনন্দ বোস চিঠির শুরুতেই রাজ‍্যবাসীকে ‘প্রিয় ভাই ও বোন’ বলে সম্বোধন করেছেন। তিনি লিখেছেন, কলকাতায় তাঁর দায়িত্বের অধ্যায় শেষ হলেও বাংলার মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক কখনও শেষ হবে না। মহাত্মা গান্ধির একটি উক্তি স্মরণ করে তিনি উল্লেখ করেন, “মহাত্মা গান্ধি বলেছিলেন-আমি বাংলা ছেড়ে যেতে পারছি না, আর বাংলা আমাকে ছেড়ে যেতে দেবে না।” একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙক্তি তুলে ধরে তিনি জানান, সাধারণ মানুষের মধ্যেই তিনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছেন।

রাজ্যপালের পদ থেকে বোসের আচমকা ইস্তফা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুর রাজ্যপাল পদে থাকা রবির নাম পরবর্তী রাজ্যপাল হিসাবে ঘোষিত হওয়ার পর পরই সমাজমাধ্যমে মমতা লিখেছিলেন, ‘‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীর ভাবে উদ্বিগ্ন।’’ এর পরে তিনি লেখেন, “এই মুহূর্তে তাঁর (বোস) পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন, তবে আমি অবাক হব না।”


Share