Special Intensive Revision

শুক্রবার ভার্চুয়ালি বৈঠক করবেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের সিইও মনোজ

মার্চ মাসেই ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার আগে কি কাজ বাকি রয়েছে তা দ্রুত সেরে ফেলারও নির্দেশ দিতে পারেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৮

মার্চ মাসে ঘোষণা হবে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার আগে শুক্রবার নির্বাচন কমিশনের সম্পূর্ণ বেঞ্চের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। এ ছাড়াও, অতিরিক্ত এবং যুগ্ম নির্বাচনী আধিকারিকেরাও উপস্থিত থাকবেন।

এ দিন দুপুরে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের সম্পূর্ণ বেঞ্চ রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। বৈঠকে অতিরিক্ত এবং যুগ্ম সিইও-রাও থাকবেন। একই সঙ্গে, জেলা নির্বাচনী আধিকারিক বা জেলাশাসকদেরও ভার্চুয়ালি উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামীকাল এসআইআর-এর শুনানি শেষ হবে। একই সঙ্গে নথিপত্র ঝাড়াই-বাছাইয়ের কাজও চলছে। কমিশন সূত্রের খবর, তার নিস্পত্তি কী ভাবে হচ্ছে, তা জানতে চাইতে পারেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে কী কী করনীয় সেই বিষয়ে বিস্তারিত নির্দেশ দিতে পারেন তিনি। এ ছাড়াও, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে কাজ হচ্ছে কি না বা কোথায় কাজ করতে অসুবিধা হচ্ছে সে বিষয়েও বিস্তারিত তথ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে নিতে পারেন জ্ঞানেশ কুমার।

মার্চ মাসেই ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার আগে কি কাজ বাকি রয়েছে তা দ্রুত সেরে ফেলারও নির্দেশ দিতে পারেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।


Share