CPM

দীপ্সিতা-মীনাক্ষী-কলতানদের সামনে এনে ভোটযুদ্ধে সিপিএম, ২৮ মহিলা প্রার্থী প্রথম তালিকায়

আলিমুদ্দিন স্ট্রিট থেকে এই প্রার্থী তালিকা প্রকাশ করলেন বিমান বসু। বাকি আসনগুলির প্রার্থীদের নামও আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিমান বসু। প্রথম দফায় প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছেন ২৮ জন মহিলা।

কলতান দাশগুপ্ত, দীপ্সিতা ধর, মীনাক্ষী মুখার্জি
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১১:৫১

রবিবার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হয়েছে৷ রাজ্যে ২৯৪ টি আসনে ভোট হবে। এ দিন ১৯২ টি আসনে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম। আলিমুদ্দিন স্ট্রিট থেকে এই প্রার্থী তালিকা প্রকাশ করলেন বিমান বসু। বাকি আসনগুলির প্রার্থীদের নামও আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিমান বসু। প্রথম দফায় প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছেন ২৮ জন মহিলা।

এদিন বিমান বসু বলেন, "মানুষের দুঃখ দুর্দশা বাড়ানোর ক্ষেত্রে যে কলা কৌশল চলছে তার বিরুদ্ধে, আমাদের বামপন্থী শক্তি পুনরুত্থানের জন্যই এবারের নির্বাচনে লড়াই। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বা জঙ্গলমহলের সব জায়গায় রাজনৈতিক প্রচার পরিকল্পিতভাবে হবে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে। আমাদের মনোভাবের কথা আমরা জানিয়েছি সহযোগীদের, তাঁরাও সম্মতি জানিয়েছেন। জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই প্রচার৷ ধর্ম, ভাষা, জাতির ভিত্তিতে মানুষকে বিভক্ত করার যে চেষ্টা চলছে, তা নিয়েও কথা হয়। রাষ্ট্রপতি কেমন দেখতে সেটা নিয়ে কথা বলতে জনপ্রতিনিধি কুণ্ঠাবোধ করে না। এগুলোর প্রতিবাদে আমরা সরব হব।"

নতুন প্রজন্মের প্রার্থীদের তালিকায় রয়েছেন বিভিন্ন মানুষের নাম। দমদম উত্তর বিধানসভার প্রার্থী তালিকায় রয়েছেন দীপ্সিতা ধর। উত্তরপাড়া থেকে মনোনিত হয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। পানিহাটি থেকে কলতান দাশগুপ্ত, মহেশতলা থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়, রাজারহাট-নিউটাউন থেকে সপ্তর্ষি দেব বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন। তবে এই তালিকার সবচেয়ে উল্লেখ্যযোগ্য নাম সাবিনা ইয়াসমিন। তিনি ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচন-পরবর্তী হিংসায় নিহত স্কুলছাত্রী তমন্নার মা।

প্রসঙ্গত, আরজি কর আন্দোলনের সময় গ্রেফতার হওয়া কলতানকে যে পানিহাটিতে প্রার্থী করা হয়েছে, সেখানেই নিহত নির্যাতিতা চিকিৎসকের বাড়়ি। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেবের পাশাপাশি তাঁর ভাইপো ময়ূখ বিশ্বাসকেও বামফ্রন্ট দমদম থেকে প্রার্থী করেছে। অন্যদিকে, এক সময়ের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের কেন্দ্র রায়দিঘিতে এ বার সিপিএমের প্রার্থী তাঁর পুত্র সাম্য গাঙ্গুলি। বরাহনগর থেকে সিপিএম-এর হয়ে লড়বে সায়নদীপ মিত্র।

অপরদিকে, প্রবীণ ও প্রাক্তন বিধায়কদের মধ্যে উল্লেখযোগ্য নাম মানস মুখোপাধ্যায় (কামারহাটি), অম্বর মিত্র (ইংরেজবাজার), সুজিত চক্রবর্তী (বড়জোড়া), দেবলীনা হেমব্রম (রানিবাঁধ) এবং আমজাদ হোসেন (পান্ডুয়া)। 


Share