BRICS Summit

ব্রিকস সম্মেলনের নৈশভোজে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যে শিল্পে আনতে বৈঠক করতে পারেন মুকেশ আম্বানীর সঙ্গে

শুক্রবারই মুখ‍্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে, আগামী ২৪ সেপ্টেম্বর শিল্পপতি গৌতম আদানি কলকাতায় আসছেন। ওই দিন নিউটাউনে আদানিদের প্রস্তাবিত দু’হাজার শয্যার বিশ্বমানের একটি হাসপাতালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৭

ব্রিকস সম্মেলন উপলক্ষে আয়োজিত নৈশভোজে আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ‍্যের মুখ্যমন্ত্রী পদে বসার পর এই প্রথম তাঁর কাছে হেভিওয়েট বিশ্বনেতাদের মুখোমুখি হওয়ার সুযোগ এসেছে। পাশাপাশি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানীর সঙ্গেও বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে শিল্পের বড় বিনিয়োগ আনতেই জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের সংস্থাগুলিকে উৎসাহিত করাই তাঁর এক এবং একমাত্র লক্ষ্য।

দিল্লিতে দু’দিনের ব্রিকস সম্মেলন হবে। শনিবার কেন্দ্রীয় সরকারের মেগা আয়োজনে ভারত মণ্ডপমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হবে। ওই দিন রাতে এই সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে হাইপ্রোফাইল নৈশভোজের আয়োজন করা হয়েছে। এই নৈশভোজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো রাষ্ট্রপ্রধানেরা থাকবেন। এই আসরেই শামিল হবেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নবান্ন সূত্রের খবর, শনিবার দুপুরে ব্রিকস সম্মেলনের নৈশভোজে যোগ দিতে কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন শুভেন্দু অধিকারী। বিকেলে দিল্লিতে পৌঁছোবেন তিনি। তার আগে সকাল ৯টা এবং ১০টায় গণেশ চতুর্থী উপলক্ষে দু’টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ওই নৈশভোজের অনুষ্ঠানে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তাঁর কথায়, “এই অনুষ্ঠানটি দেশের জন্য অত্যন্ত বড় একটি আয়োজন। সব মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমার জন্য এটা অত্যন্ত গর্বের মুহূর্ত। আমিও কাল উপস্থিত থাকব।”

অন্য দিকে, রাজ‍্যে শিল্পের প্রসার ঘটাতে শনিবার শিল্পপতি মুকেশ আম্বানীর সঙ্গেও বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গেও মুখ্যমন্ত্রীর যোগাযোগ ফলপ্রসূ দিকে এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শিল্পপতি অনন্ত আম্বানীর সঙ্গে সম্প্রতি ফোনে ইতিবাচক কথা হওয়ার পর শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চলতি গণপতি উৎসব শেষ হলেই তিনি মুম্বই সফরে যাবেন। সেখানে সরাসরি মুকেশ ও অনন্ত আম্বানীর সঙ্গে দেখা করবেন। রাজ্যে নতুন শিল্প প্রকল্প ও বিনিয়োগের রূপরেখা চূড়ান্ত করবেন তিনি।

আন্তর্জাতিক স্তরে বিভিন্ন বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীদের সঙ্গেও প্রশাসনিক বার্তা আদান-প্রদানের বড় সুযোগ রয়েছে। দিল্লিতে ব্রিকস সম্মেলন উপলক্ষে নৈশভোজের পাশাপাশি রাজ্যে শিল্পক্ষেত্রে বিনিয়োগের দিকটিও ভেবে রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুক্রবারই মুখ‍্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে, আগামী ২৪ সেপ্টেম্বর শিল্পপতি গৌতম আদানি কলকাতায় আসছেন। ওই দিন নিউটাউনে আদানিদের প্রস্তাবিত দু’হাজার শয্যার বিশ্বমানের একটি হাসপাতালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে।


Share