SRFTI Clash

উত্তপ্ত এসআরএফটিআই ক‍্যাম্পাস! সভা চলাকালীন স্বামী বিবেকানন্দের পোস্টার ছেঁড়ার অভিযোগ, হাতাহাতি দু’পক্ষের

স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে সত্যজিৎ রায় ফিল্ম অ‍্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রেক্ষাগৃহে একটি সংগঠন সভা করছিল। অভিযোগ, সেই সময় কলেজের ছাত্ররা সেখানে গিয়ে স্বামী বিবেকানন্দের ছবি ছিঁড়ে দেয়। এর পরেই দু'পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

উত্তপ্ত SRFTI ক‍্যাম্পাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০২

কলকাতার কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে সত্যজিৎ রায় ফিল্ম অ‍্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রেক্ষাগৃহে একটি সংগঠন সভা করছিল। অভিযোগ, সেই সময় কলেজের ছাত্ররা সেখানে গিয়ে স্বামী বিবেকানন্দের ছবি ছিঁড়ে দেয়। এর পরেই দু'পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনায় দু’পক্ষের কয়েক জন জখম হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, স্বয়ংসেবকদের সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত নামে একটি সংগঠন কলেজের প্রেক্ষাগৃহে একটি সভা চলছিল। সভায় স্বামী বিবেকানন্দের ছবি ছিল। অভিযোগ, আচমকাই কয়েক জন কলেজের কমিউনিস্ট সংগঠনের পড়ুয়া সভা করতে বাধা দেয়। স্বামী বিবেকানন্দের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এর পরেই দু’পক্ষের মধ্যে বচসা বাধে। তা ক্রমশ হাতাহাতিতে পরিণত হয়। ঘটনায় দু’পক্ষের কয়েক জন জখম হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের বক্তব্য, তাঁরা কর্তৃপক্ষের অনুমতি নিয়েই প্রেক্ষাগৃহে সভা করছিলেন। আচমকাই সভাতে কয়েক জন উপস্থিত হয়ে ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলতে শুরু করে দেয়। প্রেক্ষাগৃহে সভা করা যাবে না বলে হুমকি দেয়। এরই মাঝে, স্বামী বিবেকানন্দের ছবি ছিঁড়ে দেওয়া হয়।

ঘটনা ঘটে গেলেও এখনও উত্তজনা রয়েছে। বাইরে সার্ভেপার্ক থানার পুলিশ পৌঁছেছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কমিউনিস্ট ছাত্র সংগঠনের এক পড়ুয়ার বলেন, “প্রেক্ষাগৃহে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে থাকে। বাইরে থেকে লোকজন নিয়ে এসে সেখানে সভা করা হচ্ছিল। আমরা কয়েকজন তার প্রতিবাদ করি। প্রতিবাদস্বরূপ আমরা পোস্টার লিখে দেওয়ালে আটকে দিই। তার পরেই আমাদের উপর চড়াও হন ওই সংগঠনের সদস্যেরা। এলোপাথাড়ি চড়-ঘুসি মারা হয়। কোনও রকমে হস্টেলের দিকে পালিয়ে এসে বেঁচেছি।”


Share