Suvendu Adhikari

জলন্ধর থেকে যন্ত্রাংশ এনে সবুজ সাথীর সাইকেল! পূর্বতন সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

তাঁর বক্তব্য, আগে পঞ্জাবের জলন্ধর থেকে সাইকেলের যন্ত্রাংশ এনে এ রাজ্যে সাইকেল তৈরি করা হত এবং সেই কাজের বরাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর এক আত্মীয় ও পরিচিতকে দেওয়া হয়েছিল।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৫

হাওড়ার ব্যাঁটরায় ‘সারথি’ প্রকল্পের উদ্বোধন ঘিরে পূর্বতন সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মধুসূদন পাল চৌধুরী স্কুলে পড়ুয়াদের হাতে ‘সারথি’ প্রকল্পের সাইকেল তুলে দিয়ে তিনি আগের সরকারের আমলে সাইকেল তৈরির প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ করেন। তাঁর বক্তব্য, আগে পঞ্জাবের জলন্ধর থেকে সাইকেলের যন্ত্রাংশ এনে এ রাজ্যে সাইকেল তৈরি করা হত এবং সেই কাজের বরাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর এক আত্মীয় ও পরিচিতকে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর দাবি, সেই ব্যবস্থা এখন বন্ধ করা হয়েছে।

এ দিনই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী শিক্ষাবর্ষ থেকে আর নবম নয়, অষ্টম শ্রেণিতে উঠলেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেওয়া হবে। ‘সবুজসাথী’ প্রকল্পের নাম বদলে ‘সারথি’ করা হয়েছে। নতুন নাম ও লোগো প্রকাশ করে প্রকল্পটির সূচনা করেন তিনি। রাজ্য সরকারের পুরনো প্রকল্পে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়ারা নবম শ্রেণিতে উঠলে সাইকেল পেতেন।

সাইকেল তৈরির ক্ষেত্রেও রাজ্যেই উৎপাদনের উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা, ‘সারথি’ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে যে শিল্পগোষ্ঠী বা সংস্থা এ রাজ্যে সাইকেল তৈরির কারখানা করতে চাইবে, তাদের বিনামূল্যে জমি দেওয়া হবে। পাশাপাশি পড়ুয়াদের স্মার্ট ট্যাব দেওয়া, স্কুলগুলিকে ‘স্মার্ট স্কুল’ হিসেবে গড়ে তোলা এবং স্কুলে এনসিসি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানের শেষে পড়ুয়াদের সঙ্গে স্কুলের মিড-ডে মিলের খাবারও খান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিল ভাত, ডাল, সয়াবিন-আলু-বড়ির তরকারি ও টম্যাটোর চাটনি। 


Share