Gyanesh Kumar Protest

‘প্রশাসনিক স্তর থেকে সরকারের কাজকর্মে হস্তক্ষেপ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই’, রাহুল-খাড়্গেদের সঙ্গে দেখা করবেন না প্রধান বিচারপতি সূর্য কান্ত, পাঠানো হল ইমেল

সোমবার সুপ্রিম কোর্টের দিকে বিরোধীদের প্রস্তাবিত মিছিল নিয়েও প্রধান বিচারপতি কোনও মতামত জানাননি বলে সূত্রের খবর। কারণ, প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে ওই মিছিলের অনুমতি চাওয়া হয়নি। দিল্লি পুলিশের কাছেও অনুমতি চাওয়া হয়নি বলে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১১:১২

রাহুল গাঁধীর সঙ্গে দেখা করবেন না দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। সুপ্রিম কোর্টে বিচারাধীন একাধিক মামলার উল্লেখ করে সোমবার, কংগ্রেস নেতা রাহুল গাঁধী, মল্লিকার্জুন খাড়্গে-সহ ইন্ডি জোটের নেতারা শীর্ষ আদালতের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। প্রধান বিচারপতির দফতর জানিয়েছে, এই সাক্ষাৎ সম্ভব নয়। সরকারের কাজে শীর্ষ আদালত প্রশাসনিক ভাবে হস্তক্ষেপ করতে পারে না। যে সব বিষয় নিয়ে তাঁরা দেখা করতে চাইছে তা শীর্ষ আদালতে বিচারাধীন রয়েছে। তাই নতুন করে যদি কোনও অভিযোগ থাকে তা হলে মামলা করার পরামর্শ দিয়েছে প্রধান বিচারপতির দফতর।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীর সঙ্গে দেখা করার বিষয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের দফতর স্পষ্ট করে দিয়েছে, দেশের সংবিধানের কাঠামো অনুযায়ী, প্রশাসনিক স্তর থেকে সুপ্রিম কোর্টের সরকারের কাজকর্মে হস্তক্ষেপ করার কোনও ক্ষমতা নেই। সূত্রের খবর, ইন্ডি জোটের নেতারা প্রধান বিচারপতির সূর্য কান্তকে একটি স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন। সেই প্রেক্ষিতে প্রধান বিচারপতির দফতরের বক্তব্য, সুপ্রিম কোর্টের প্রশাসনিক শাখা থেকে এই ধরনের বিষয়ে কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়। তবে সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে বা অন্য কোনও আইনি প্রতিকারের জন্য নেতারা আদালতের আবেদন জানাতে পারেন। এই সংক্রান্ত সমস্ত মামলাই শোনা হচ্ছে। নতুন করে মামলা হলে সেটারও শুনানি হবে।

এদিকে, সোমবার সুপ্রিম কোর্টের দিকে বিরোধীদের প্রস্তাবিত মিছিল নিয়েও প্রধান বিচারপতি কোনও মতামত জানাননি বলে সূত্রের খবর। কারণ, প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে ওই মিছিলের অনুমতি চাওয়া হয়নি। দিল্লি পুলিশের কাছেও অনুমতি চাওয়া হয়নি বলে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। কনট প্লেস থেকে সেই মিছিল সুপ্রিম কোর্টের দিকে যাওয়ার কথা রয়েছে। তা হলে মিছিল যদি শুরু হয় সে ক্ষেত্রে তা আটকানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর, নির্বাচনী অনিয়মের অভিযোগ এবং দিল্লিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সাম্প্রতিক পুলিশি পদক্ষেপের প্রতিবাদে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করার পরিকল্পনা করেছেন ইন্ডি জোটের নেতারা। সেই প্রেক্ষিতেই প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রস্তাবিত বৈঠকে রাহুল গাঁধী, মল্লিকার্জুন খাড়্গে-সহ একাধিক বিরোধী নেতার উপস্থিত থাকার কথা ছিল।


Share