Election 2026

বেলুড় রামকৃষ্ণ মঠে জ্ঞানেশ কুমার, দক্ষিণেশ্বর মন্দিরে দিলেন মায়ের পুজো, শেষ দিনের সফরেও তৃণমূল ‘গো ব্যাক স্লোগান’

মন্দিরের পুজো দিয়ে বেরিয়ে মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “মায়ের কাছে আশির্বাদ নিলাম। রাজ্যে শান্তিপূর্ণ এবং প্রভাবমুক্ত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। জয় মা।”

দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন জ্ঞানেশ কুমার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১২:১১

কালীঘাটে মা কালীর পুজো করে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখার কর্মযজ্ঞ শুরু করেছিলেন। তা হয়ে গিয়েছে। মঙ্গলবার সকালে বেলুড়ের রামকৃষ্ণ মঠে হাজির হলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে বেশ কিছু ক্ষণ থাকার পরে বেরিয়ে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে যান জ্ঞানেশ। সেই পথে যাওয়ার পথে গতকালের মতোই তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখায় দেখায়। ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়।

এ দিন সকাল ৭টা নাগাত বেলুড়ের রামকৃষ্ণ মঠে হাজির হন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। প্রায় ৪৫ মিনিট তিনি সেখানে ছিলেন। তাঁর সঙ্গে আরও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশীও ছিলেন। মঙ্গলবার তিনি মূল মন্দির দর্শন করেন। তার পরে অধ্যক্ষ মহারাজ স্বামী গৌতমানন্দজি মহারাজের সঙ্গে কথা বলেন। তাঁর আশীর্বাদ নেন। বেরিয়ে জ্ঞানেশ বলেন, ‘‘এ বারের নির্বাচনে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকে নজর থাকবে। হিংসামুক্ত এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।’’

এর পরে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরে কালী মন্দিরের উদ্দেশে রওনা দেন জ্ঞানেশ। দক্ষিণেশ্বর মন্দির ঢোকার তাঁকে তৃণমূলের কর্মীরা কালো পতাকা দেখায়। ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও। সোমবার কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। সেখানেও জ্ঞানেশকে ঘিরে ধরে এক দল তৃণমূলকর্মী কালো পতাকা দেখান। ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। তৃণমূল কর্মীদের অভিযোগ, এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে অযথা অনেকের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভ নিয়ে কোনও মন্তব্য করেননি জ্ঞানেশ। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যান।

মন্দিরের পুজো দিয়ে বেরিয়ে মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “মায়ের কাছে আশির্বাদ নিলাম। রাজ্যে শান্তিপূর্ণ এবং প্রভাবমুক্ত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। জয় মা।”

সোমবার রাজ্যের পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক করেন জ্ঞানেশ। বৈঠক করেন সব দলের সঙ্গেও।বৈঠকের পর কমিশনের ফুল বেঞ্চ মনে করছে, ক্ষেত্রবিশেষে বা কোথাও কোথাও কিছু সমস্যা আছে।তবে রাজ্যে বিধানসভা ভোট হওয়ার পরিবেশ রয়েছে। আইনশৃঙ্খলা খুব খারাপ রয়েছে, এমনও মনেকরছে না কমিশন।


Share