Suvendu Adhikari

ক্ষমতায় এসেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! কেন্দ্রীয় প্রকল্প চালু, চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, পরের বৈঠকে ডিএ সিদ্ধান্ত

তিনি বলেন, “অকালে ঝরে যাওয়া ৩২১ জন, যাঁরা আত্মবলিদান করেছেন, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাঁদের পরিবারের প্রতি সরকার দায়বদ্ধ। তাঁদের হত্যার বিচার আমরা দেব, পরিবারগুলোর সামাজিক দায়িত্ব সরকারের।”

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৩:৪০

শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। স্বাধীনতার পরে এই প্রথম বিজেপি সরকার রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছে। এর পরেই সোমবার পাঁচ মন্ত্রীকে নিয়ে প্রথম মন্ত্রীসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের শুরুতেই ছ’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতি মন্ত্রিসভার তরফে কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৩২১ জন নিহত বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, “অকালে ঝরে যাওয়া ৩২১ জন, যাঁরা আত্মবলিদান করেছেন, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তাঁদের পরিবারের প্রতি সরকার দায়বদ্ধ। তাঁদের হত্যার বিচার আমরা দেব। পরিবারগুলির সামাজিক দায়িত্ব এখন থেকে রাজ‍্য সরকারের।”

এ ছাড়াও, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে জমা পড়া প্রায় আট লক্ষ ৬৫ হাজার আবেদন কেন্দ্রের ক্ষুদ্র, মাঝারি শিল্প মন্ত্রকের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজলা যোজনা ৩.০-সহ একাধিক প্রকল্প।

উজ্বলা যোজনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় এক কোটি গ্রাহক কম দামে গ্যাস পরিষেবা পান। কেন্দ্রের অতিরিক্ত ৭৫ লক্ষ সংযোগের মধ্যে রাজ‍্যের জন্য ১৫ লক্ষের রয়েছে। সেই কোটা থাকলেও বহু আবেদন জেলাস্তরে আটকে ছিল। সেই সমস্ত যাবতীয় আবেদন সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

প্রশাসনিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এতদিন রাজ‍্যে আইএএস, আইপিএস, ডব্লুবিসিএস ও ডব্লুবিপিএস আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণে পাঠানো হত না। এর আগের সরকার ইচ্ছাকৃত ভাবে আটকে রেখেছিল। এ বার থেকে অন্যান্য রাজ্যের যে নিয়ম রয়েছে তা মেনেই সেই প্রক্রিয়া চালু করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবকে।

আইনশৃঙ্খলা নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, আগের সরকার রাজ্যে বিএনএস পুরোপুরি কার্যকর করেনি। এখনও পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির আইন চলছে। তবে সোমবার থেকেই রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী প্রশাসনিক ও আইনি কাজকর্ম চলবে বলে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

একই সঙ্গে আরজি কর ও সন্দেশখালি-সহ একাধিক ঘটনার তদন্ত, রাজ‍্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন এবং মহার্ঘভাতা সংক্রান্ত বিষয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার-সহ সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প চালু থাকবে, তবে তা আরও স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে বলেও স্পষ্ট করেছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “রাজ‍্যে চালু থাকা কোনও প্রকল্পই আমরা বন্ধ করব না। তা চালু থাকবে। কোনও মৃত মানুষ এই প্রকল্পের সুবিধা পাক তা নিশ্চই আপনারা চান না। এই সমস্ত প্রকল্প যাতে আরও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়িত হতে পারে তাতে বেশি নজর দেওয়া হবে।”

প্রসঙ্গত, রাজ্যে ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় প্রকল্পগুলি কেন রাজ্যে চালু হচ্ছে না তা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছিলেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাগুলি দেওয়া হবে হবে বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বাকি নেতারা। বিজেপির ঘোষণাপত্রে এই কথাও বলা হয়েছে। 

এরপরেই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি রাজ‍্যে চালু করার ঘোষণা করেন। পরবর্তী ক্যাবিনেট বৈঠক পরের সোমবার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরের বৈঠকেই ডিএ ও বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Share